১৬০দিন পর ক্লাসে ফিরে কুয়েট শিক্ষার্থীদের উচ্ছ্বাস
দীর্ঘ পাঁচ মাস ১০ দিন বন্ধের পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম শুরু হয়েছে। ২৯ জুলাই, মঙ্গলবার সকাল থেকে চারটি অনুষদের আওতায় ২০টি ফ্যাকাল্টিতে ক্লাস শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের ৭ সহস্রাধিক শিক্ষার্থীর মধ্যে ৫ এর ৩ ভাগ শিক্ষার্থী পরীক্ষার প্রস্তুতিতে রয়েছেন। আগামী ৭ আগস্ট থেকে পরীক্ষা শুরু হবে। প্রতিটি ক্লাসেই পর্যাপ্ত শিক্ষার্থীর উপস্থিতি দেখা গেছে।
দীর্ঘদিন পর শ্রেণিকার্যক্রমে ফিরতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানান, খুব অল্প সময়ে নোটিশ পাওয়ায় ও বৃষ্টির কারণে দূরদূরান্ত থেকে অনেক শিক্ষার্থী প্রথম দিন ক্লাসে উপস্থিত হতে পারেননি। তবে ক্লাস শুরু হওয়ায় শিক্ষার্থীরা খুবই খুশী। তবে বৃষ্টির কারণে ক্লাস শুরুর প্রথম দিনে দূর থেকে অনেক শিক্ষার্থী আসতে পারেননি।
এর আগে ২৭ জুলাই, রাবিবার দিনভর বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও ছাত্র প্রতিনিধিদের সঙ্গে একাধিক বৈঠক শেষে মঙ্গলবার থেকে ক্লাস শুরুর সিদ্ধান্ত জানান নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী। নোটিশ পেয়ে শিক্ষার্থীরা সোমবার (২৮ জুলাই) থেকে খুলনায় আসতে শুরু করেছেন।
উপাচার্য অধ্যাপক ড. মাকসুদ হেলালী জানান, সকাল ৯টায় ক্লাস শুরু হয়েছে। পরীক্ষা ৭ আগস্ট থেকে শুরু করার রুটিন দেওয়া হয়েছে। পরীক্ষার্থী বাদে সবাই নিজ নিজ ক্লাসে উপস্থিত হয়েছে।
কুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ফারুক হোসেন বলেন, উপাচার্যের আশ্বাসে আন্দোলন কর্মসূচি তিন সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। প্রশাসন ক্লাস শুরুর ঘোষণা পেয়ে শিক্ষকরা ক্লাসে যোগ দিয়েছেন।
অপরদিকে ক্লাসে ফিরতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে ২১ ব্যাচের শিক্ষার্থী আসলাম হোসেন বলেন, আমার বাসা মাগুরা জেলায়। ক্লাস শুরুর খবর পেয়ে গতকাল (২৮ জুলাই) খুলনা চলে এসেছি। ক্লাস শুরুর খবর জানতে পেরে অনেক আনন্দ লাগছিল। দীর্ঘ সময় ক্লাস থাকায় অনেকে বাসা ও মেসের রুম ছেড়ে দিয়েছিল। তারা আবার রুম ভাড়া করে উঠতে শুরু করেছেন। সহপাঠীরাও আসতে শুরু করেছেন।
১৯ ব্যাচের শিক্ষার্থী তানিম আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয় খুলেছে আমরা তাতে অনেক খুশী। প্রথম দিনে পরিস্থিতি স্বাভাবিক হবে না। ধীরে ধীরে স্বাভাবিক হবে। আমাদের অনেক সহপাঠী খুলনার বাইরে পরিবারের কাছে চলে গিয়েছিল। তারাও নোটিশ পেয়ে আসতে শুরু করেছে। সব মিলিয়ে আমরা এখন খুশী। শিক্ষকদের প্রতিও আমরা কৃতজ্ঞ।







