শ্রমিকের হেল্পলাইনে বাড়লো প্রযুক্তিগত সক্ষমতা

শ্রমিকের হেল্পলাইনে বাড়লো প্রযুক্তিগত সক্ষমতা
৩ জুলাই, ২০২৫ ০০:১৯  
৩ জুলাই, ২০২৫ ০৯:০৩  

এখন আরো বেশি প্রযুক্তি সক্ষম হলো কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডাইফ) পরিচালিত শ্রম বিষয়ক হেল্পলাইন ১৬৩৫৭। শ্রমিকদের ন্যায্য অধিকার ও সেবা আরও সহজলভ্য করতে শ্রমিকরা দেশের যে কোনো প্রান্ত থেকে ২৪ ঘণ্টা টোল-ফ্রি সেবায় যুক্ত হয়েছে অভিযোগ নিষ্পত্তির সুবিধাও। 

ডাইফ জানিয়েছে,  প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির ফলে এখন অভিযোগ ব্যবস্থাপনা আগের চেয়ে অনেক বেশি দ্রুত, স্বচ্ছ ও কার্যকর হবে। হেল্পলাইনের আধুনিক সংস্করণে দ্রুত তথ্য বিশ্লেষণ, অভিযোগের অগ্রগতি পর্যবেক্ষণ এবং তাৎক্ষণিক সাড়া দেওয়ার সুবিধা অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে এই হেল্পলাইনের মাধ্যমে একইসঙ্গে বেতন-বোনাস, প্রসূতি সুবিধা, অন্যায্য বরখাস্ত, সার্ভিস বেনিফিট, কর্মস্থলের নিরাপত্তা, ছুটি ও কর্মঘণ্টা সংক্রান্ত সমস্যাসহ শ্রম-সম্পর্কিত বিভিন্ন বিষয়ে অভিযোগ জানানো এবং প্রয়োজনীয় আইনগত পরামর্শ গ্রহণ করা যাবে। 

শ্রম ভবনে শ্রমিকদের হেল্পলাইনের এই নতুন সংস্করণটি ২ জুলাই (বুধবার) উদ্বোধন করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাইফের মহাপরিদর্শক ও অতিরিক্ত সচিব ওমর মো. ইমরুল মহসিন। অনুষ্ঠানে বিভিন্ন শ্রম সংগঠন, অংশীজন এবং গণমাধ্যমের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

এসময় শ্রমিকবান্ধব প্রযুক্তিনির্ভর এই উদ্যোগের প্রশংসা করেন এবং শ্রমিকদের আস্থা অর্জনের মাধ্যমে একটি মানবিক ও দায়িত্বশীল শ্রম প্রশাসন গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।