৩০ শতাংশ কর্মী ছাঁটাই করছে ডেটিং অ্যাপ বাম্বল
বিশ্বজুড়ে ৩০ শতাংশ কর্মী ছাঁটাই করতে যাচ্ছে জনপ্রিয় ডেটিং অ্যাপ বাম্বল। প্রতিষ্ঠানটি জানিয়েছে, নতুন কৌশলের অংশ হিসেবে প্রায় ২৪০ জন কর্মী ছাঁটাই করা হবে। খবর রয়টার্স।
খবরে বলা হয়, মূলত ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করার লক্ষ্যে সংস্থাটি দ্রুত ও স্টার্টআপধর্মী কাঠামোয় রূপান্তর ঘটাতে চাইছে। চলতি বছরেই প্রতিষ্ঠাতা হুইটনি ওল্ফ হার্ড আবারও সিইও পদে ফিরে এসে গুণগত মানের ম্যাচমেকিংয়ের উপর জোর দেন।
সংস্থাটি দ্বিতীয় প্রান্তিকের আয় প্রাক্কলন ২৪৪ থেকে ২৪৯ মিলিয়ন ডলার পর্যন্ত উন্নীত করেছে। যদিও ২০২৫ সালের তৃতীয় ও চতুর্থ প্রান্তিকে এই ছাঁটাইয়ের ফলে ১৩ থেকে ১৮ মিলিয়ন ডলার ব্যয় হবে বলে জানানো হয়, তবে এতে বার্ষিক ৪০ মিলিয়ন ডলার সাশ্রয় হবে, যা প্রযুক্তি ও পণ্যের উন্নয়নে পুনঃবিনিয়োগ করা হবে।
বাম্বলের শেয়ারের মূল্য এই ঘোষণার পর ১৯ শতাংশ বেড়েছে, যদিও ২০২১ সালের ১৫ বিলিয়ন ডলার শিখর থেকে বর্তমানে বাজারমূল্য কমে প্রায় ৫০০ মিলিয়ন ডলারে নেমেছে।
ডিবিটেক/বিএমটি



