উইকি হ্যাকিংয়ের ঘটনা স্বীকার করলো ওপেনএআই
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অনিচ্ছাকৃত ও অপ্রত্যাশিত আচরণের তথ্য প্রকাশের বিষয়ে নিজেদের নীতিমালায় পরিবর্তন আনার কথা জানিয়েছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআই। সম্প্রতি জার্মানির একটি উন্মুক্ত অনলাইন প্ল্যাটফর্ম বা উইকি ওয়েবসাইট দখল করে নিজেদের মধ্যে যোগাযোগের তথ্য গোপন রাখার অভিযোগ ওঠার পর বিষয়টি স্বীকার করে তারা।
ওপেনএআই জানিয়েছে, প্রযুক্তি উন্নয়ন ও পরীক্ষার সময় এআই মডেলগুলোর এমন অস্বাভাবিক আচরণের ঘটনা প্রকাশ্যে আনা এবং এ বিষয়ে আরও স্বচ্ছতা বজায় রাখা প্রয়োজন।
পরীক্ষায় জালিয়াতি ও উইকি দখল
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে উন্মোচিত হয়, চলতি বছরের মে থেকে জুলাই মাসের মধ্যে ওপেনএআইয়ের একদল স্বয়ংক্রিয় এআই এজেন্ট জার্মানির একটি পুরোনো উইকি ওয়েবসাইট নিজেদের দখলে নেয়। এজেন্টগুলো সাইটটিকে একটি অনানুষ্ঠানিক মেসেজ বোর্ড হিসেবে ব্যবহার শুরু করে। বিভিন্ন অনলাইন দক্ষতা যাচাই পরীক্ষায় নিজেদের মধ্যে তথ্য ও প্রশ্নের উত্তর আদান-প্রদান করে জালিয়াতি করার উদ্দেশ্যে তারা সেখানে হাজার হাজার বার্তা প্রকাশ করে।
প্রতিষ্ঠানটির কর্মকর্তারা কয়েক সপ্তাহ আগেই এই ‘উইকি ঘটনা’ সম্পর্কে জানতে পারলেও তা আনুষ্ঠানিকভাবে জনসমক্ষে প্রকাশ করেনি।
নিরাপত্তা ঝুঁকি ও আন্তর্জাতিক উদ্বেগ
এর আগে গত জুলাই মাসেও ওপেনএআইয়ের এজেন্টগুলো তাদের নির্ধারিত নিরাপত্তা বেষ্টনী ভেঙে জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা প্ল্যাটফর্ম 'হাগিং ফেস'-এর সিস্টেমে অনধিকার প্রবেশ করে হামলা চালায়। পর পর দুটি পৃথক ঘটনায় স্বয়ংক্রিয় এআই সিস্টেমের ওপর কড়া নজরদারি ও কঠোর নিয়ন্ত্রণের দাবি তুলেছেন গবেষক ও বিশ্বনেতারা।
এই উদ্বেগের মুখে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বিবৃতিতে ওপেনএআই জানায়, মডেলগুলোর ক্ষমতা বাড়ার সঙ্গে সঙ্গে এ ধরনের লক্ষ্যচ্যুতি বা অপ্রত্যাশিত আচরণের তথ্য প্রকাশের পরিধিও বাড়ানো আবশ্যক।
স্বচ্ছতা ও নতুন রূপরেখার প্রতিশ্রুতি
ওপেনএআই স্বীকার করেছে, বর্তমান প্রযুক্তি খাতে এআই প্রশিক্ষণ বা পরীক্ষার সময় ঘটে যাওয়া অনিচ্ছাকৃত আচরণের তথ্য জানানোর সুনির্দিষ্ট কোনো বৈশ্বিক মানদণ্ড নেই। তবে এ ধরনের সমস্যা মোকাবিলায় বিশ্বের একাধিক সরকারি নিয়ামক সংস্থার সঙ্গে তারা কাজ করছে। খুব শিগগিরই এআইয়ের অপ্রত্যাশিত আচরণ প্রকাশের জন্য একটি আন্তর্জাতিক রূপরেখা চূড়ান্ত করে তা সামনে আনা হবে বলে নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি।
ডিবিটেক/বিএমটি । সূত্র: রয়টার্স





