মাইক্রোসফটের বিরুদ্ধে বই লেখকদের মামলা
কয়েকজন লেখক যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ফেডারেল আদালতে মাইক্রোসফটের বিরুদ্ধে মামলা করেছেন। অভিযোগে বলা হয়, প্রতিষ্ঠানটি লেখকদের অনুমতি ছাড়া তাদের বইয়ের পাইরেটেড কপি ব্যবহার করে ‘মেগাট্রন’ নামের কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল প্রশিক্ষণ দিয়েছে। খবর রয়টার্স।
মামলায় লেখক কাই বার্ড, জিয়া টোলেনটিনো, ড্যানিয়েল ওক্রেন্টসহ আরও অনেকে যুক্ত আছেন।
লেখকদের দাবি, মাইক্রোসফট প্রায় দুই লাখ পাইরেটেড বই ব্যবহার করে এমন একটি কম্পিউটার মডেল তৈরি করেছে, যা লেখকদের ভাষাশৈলী ও থিম অনুকরণ করতে পারে। তারা প্রতিটি বইয়ের জন্য সর্বোচ্চ ১ লাখ ৫০ হাজার ডলার ক্ষতিপূরণ এবং এ ধরনের অননুমোদিত ব্যবহার বন্ধে আদালতের নিষেধাজ্ঞা চেয়েছেন।
এই মামলা এমন এক সময় এলো, যখন ক্যালিফোর্নিয়ার এক আদালত এনথ্রপিকের বিরুদ্ধে আনা একই ধরনের মামলায় কিছু ব্যবহারকে "ফেয়ার ইউজ" বলে স্বীকৃতি দিলেও বই পাইরেসির দায় এড়াতে দেয়নি।
মাইক্রোসফট এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।
ডিবিটেক/বিএমটি







