ফেসবুকে সব ভিডিওই হবে 'রিলস'
ফেসবুক ঘোষণা দিয়েছে, খুব শিগগিরই তাদের প্ল্যাটফর্মে সব ধরনের ভিডিও—দৈর্ঘ্য বা অরিয়েন্টেশন যাই হোক না কেন—‘রিলস’ হিসেবে শেয়ার হবে। আগে ব্যবহারকারীরা আলাদাভাবে ভিডিও পোস্ট ও রিলস দিতে পারতেন, তবে নতুন আপডেটের পর এই পৃথকীকরণ থাকবে না। খবর টেকক্রাঞ্চ।
খবরে বলা হয়, ফেসবুকের “ভিডিও” ট্যাবটিও বদলে “রিলস” ট্যাব নামে পরিচিত হবে। যদিও ভিডিওর ধরন বা সুপারিশ প্রক্রিয়ায় তাৎক্ষণিক কোনো পরিবর্তন হবে না বলে জানায় প্রতিষ্ঠানটি।
আগামী মাসগুলোতে ভিডিও আপলোড করার সময় ব্যবহারকারীদের আর রিলস ও ভিডিওর মধ্যে নির্বাচন করতে হবে না—সব ভিডিওই সরাসরি রিলস হিসেবে প্রকাশ পাবে। রিলসের আগের ৯০ সেকেন্ডের সীমাবদ্ধতাও তুলে নেওয়া হচ্ছে।
ইনস্টাগ্রামের মতো, ফেসবুকও ভিডিও ফরম্যাটে রূপান্তর করতে চায়, যাতে সৃষ্টিশীল টুল ও প্রকাশনাপদ্ধতি সহজ হয়। তবে অনেক ব্যবহারকারীর জন্য এটি ঝামেলার হতে পারে—বিশেষ করে যারা অনুভূমিক ভিডিও রিলস হিসেবে দেখতে বা শেয়ার করতে চান না।
নতুন নিয়মে ফিড ও রিলসের অডিয়েন্স সেটিং একসাথে পরিচালিত হবে। ব্যবহারকারীরা নতুন করে রিলস পোস্ট করার সময় কারা দেখতে পাবে—সবাই, বন্ধু, নাকি নির্দিষ্ট ব্যক্তি—তা নির্ধারণ করে নিতে পারবেন।
এই পরিবর্তন ধীরে ধীরে বিশ্বব্যাপী চালু করা হবে।
ডিবিটেক/বিএমটি







