চুয়েটে জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) অনুষ্ঠিত হলো "জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০২৫" । ১৭ জুন, মঙ্গলবার দুপুরে চুয়েটের কেন্দ্রীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত তিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া।
এতে বিশেষ অতিথি ছিলেন চুয়েটের তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের যুগ্ম-সচিব (আইন ও পলিসি অনুবিভাগ) মোহাম্মদ গোলাম কিবরিয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়েটের সিএসই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. প্রণব কুমার ধর। এতে স্বাগত বক্তব্য রাখেন সিএসই বিভাগের প্রভাষক জনাব আয়েশা বানু। সঞ্চালনা করেন জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার সমন্বয়কারী জনাব শিহাব জিশান।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া মহোদয় বলেন, তরুণ প্রজন্মই আগামী দিনের সমৃদ্ধ ও শক্তিশালী বাংলাদেশকে নেতৃত্ব দিবে। আমরা গবেষণা, উদ্ভাবন এবং শিল্প-প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তুলতে চাই যাতে তারা কেবল দক্ষ পেশাজীবী নয় বরং মানবিক মূল্যবোধসম্পন্ন বিজ্ঞানী, গবেষক, ডাক্তার, প্রকৌশলী ও প্রযুক্তিবিদ হয়ে উঠতে পারে। প্রযুক্তি আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হলেও তা কখনোই মানবিক মূল্যবোধের স্থান নিতে পারে না। আমাদের তরুণ প্রজন্মরা যেন প্রযুক্তিকে ব্যবহার করে, প্রযুক্তি যাতে কোনোভাবে তাদের ব্যবহার করতে না পারে সেদিকে সচেতন থাকতে হবে।
বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের (সিএসই) উদ্যোগে এবং আইসিটি ডিভিশন ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এর যৌথ সহযোগিতায় অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতাটি।







