ফিল্মি কায়দায় র্যাবের পোশাকে
‘নগদ’ এজেন্টের কোটি টাকা ছিনতাই
রাজধানীর উত্তরায় ফিল্মি কায়দায় র্যাবের পোশাকে মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান ‘নগদ’-এর ডিস্ট্রিবিউটরের এক প্রতিনিধির কাছ থেকে ১ কোটি ৮ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। ১৪ জুন (শনিবার) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনার সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, ভুক্তভোগী ব্যক্তি মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। এ সময় একটি কালো মাইক্রোবাস মোটরসাইকেলটির গতিরোধ করে। এরপর ওই মাইক্রোবাস থেকে র্যাবের পোশাক পরা কয়েকজন ব্যক্তি বেরিয়ে ভুক্তভোগীকে ধরার চেষ্টা করে। তখন ভুক্তভোগী ব্যক্তি দৌড় দিলে র্যাবের পোশাক পরা ব্যক্তিরাও পেছনে ধাওয়া করে। একপর্যায়ে তারা তাকে ধরে ফেলে। পরে ভুক্তভোগীকে মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে চলে যায় তারা।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। প্রকৃত ঘটনার অনুসন্ধানে কাজ চলছে।সিসিটিভি ফুটেজ ও মাইক্রোবাসের নম্বর সংগ্রহ করে বিশ্লেষণ চলছে।
উত্তরা পশ্চিম থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নগদের স্থানীয় ডিস্ট্রিবিউটর আব্দুল খালেক নয়নের বাসা থেকে চারজন মোটরসাইকেলে করে টাকাগুলো ডিস্ট্রিবিউশন অফিসে আনছিলেন।
তখনই ওঁৎ পেতে থাকা হায়েস গাড়িতে আসা ছিনতাইকারীরা র্যাব পরিচয়ে তাদের থামিয়ে দেয় এবং অস্ত্রের মুখে জিম্মি করে কাউসার, লিয়াকত ও আব্দুর রহমানকে গাড়িতে তুলে নেয়। তবে চতুর্থ ব্যক্তি ওমর হোসেন দৌঁড়ে পালিয়ে যান এবং তার কাছে থাকা প্রায় এক লাখ টাকা রক্ষা পায়।
পরে ছিনতাইকারীরা তিনজনকে উত্তরা ১৭ নম্বর সেক্টরে ফেলে রেখে দ্রুত স্থান ত্যাগ করে। এ বিষয়ে উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম জানান, ছিনতাই হওয়া টাকার প্রকৃত অঙ্ক, জড়িতদের পরিচয় ও ঘটনায় কোনো প্রকার ‘ভিতরের লোক’ জড়িত কি না, তা জানতে পুলিশ প্রযুক্তিগত সহায়তায় ছিনতাইকারীদের শনাক্তের কাজ চালিয়ে যাচ্ছে।







