‘ট্যুর এক্সপার্ট’ গ্রুপ অ্যাডমিন গ্রেফতার

‘ট্যুর এক্সপার্ট’ গ্রুপ অ্যাডমিন গ্রেফতার
১৪ জুন, ২০২৫ ১৭:১৬  
১৪ জুন, ২০২৫ ১৯:২৪  

বান্দরবানের আলীকদমে দুই পর্যটক নিহত ও একজন নিখোঁজের ঘটনায় অনলাইন ট্রাভেল গ্রুপ ট্যুর এক্সপার্ট গ্রুপের অ্যাডমিন বর্ষা ইসলাম বৃষ্টিকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ। তাকে সেনাবাহিনীর সহায়তায় শনিবার গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন আলীকদম থানার ওসি মির্জা জহির উদ্দিন। গ্রেফতার বর্ষা যশোরের বাসিন্দা এবং ঢাকায় থাকতেন।

মামলার বরাতে পুলিশ জানায়, বর্ষা ইসলাম ৮ জুন রাতে ৩৩ সদস্যের একটি দল নিয়ে পাহাড়ের উদ্দেশে রওনা দেন। ১০ জুন বর্ষা ইসলাম ১২ জন পর্যটক ও একজন স্থানীয় গাইডসহ আন্ধারমানিক ট্রেইলের দিকে অগ্রসর হন। অপরদিকে স্মৃতি আক্তারসহ ২০ জনকে পাহাড় সম্পর্কে অনভিজ্ঞ এক ব্যক্তির তত্ত্বাবধানে আলীকদমে ফেরত পাঠানো হয়।

যথাযথ নিরাপত্তা ব্যবস্থা, আবহাওয়ার সতর্কতা এবং প্রশাসনিক অনুমতি ছাড়া ভ্রমণ আয়োজন এবং আয়োজকদের গাফিলতির কারণে এই দুর্ঘটনা ঘটে বলে মামলায় বলা হয়েছে। এ কারণেই ফেইসবুক ভিত্তিকএই ট্যুর গ্রুপের অ্যাডমিনকে হেফাজত থেকে গ্রেফতার দেখানো হয়েছে। 

এদিকে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার পুপার জিনিয়া চাকমা জানিয়েছেন, দুর্ঘটনার পর থেকে তিনি পুলিশ হেফজতে ছিলেন। নিহত পর্যটক স্মৃতি আকতারের বাবা বেলা ১১টার দিকে মামলা করলে বর্ষাকে গ্রেফতার দেখানো হয়।

পর্যটক ও স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, ট্যুর এক্সপার্ট গ্রুপের অ্যাডমিন বর্ষার নেতৃত্বে ৩৩ জন পর্যটকের একটি দল গত ১১ জুন  আলীকদমে এসেছিলেন। পর্যটক দলটি দুজন গাইডসহ তৈনখালের মাধ্যমে আলীকদম-থানচি সীমান্তের ক্রিসতং পাহাড়ের চূড়ার দিকে একটি দুর্গম এলাকায় ভ্রমণে যায়। এই দলে কো-হোস্ট ছিলেন হাসান এবং স্থানীয় গাইড ছিলেন সিদ্ধার্থ তঞ্চঙ্গ্যা। তাদের উদ্দেশ্য ছিল আলীকদম উপজেলার ক্রিসতং পাহাড় ও থানচির লিমান লিবলু এবং সাকাহাফং চূড়া জয় করা। পর্যটকদের দলটি দুটি গ্রুপে বিভক্ত ছিল, একটিতে ২২ জন ও অন্যটিতে ১১ জন। 

১১ জুন বিকালে শামুক ঝর্ণা এলাকায় হঠাৎ পাহাড়ি ঢলে স্মৃতি আক্তার, হাসান চৌধুরী শুভ এবং শেখ জুবাইরুল ইসলাম নিখোঁজ হন। পরে ১২ ও ১৩ জুন দুজনের লাশ উদ্ধার করে পুলিশ। তবে হাসান চৌধুরী শুভ এখনও নিখোঁজ।