ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষ ১০-এ চার নাটক

ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষ ১০-এ চার নাটক
১৩ জুন, ২০২৫ ২০:৩১  
১৩ জুন, ২০২৫ ২১:৩২  

প্রথাগত মাধ্যম ছাপিয়ে ইতিমধ্যেই নিজস্ব একটি জায়গা তৈরি করে নিয়েছে  ইউটিউব চ্যানেল। ঈদ উপলক্ষে প্রযোজনা প্রতিষ্ঠানগুলো তাই ইউটিউবের জন্য ভিন্ন ধারার নাটক নির্মাণ করে থাকে। এবার একটি চ্যানেল একাই মুক্তি দিয়েছে এক ডজন নাটক। এই চ্যানেলটির একটি নাটকই এবার রয়েছে ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে। 

ঈদুল আজহায় ইউটিউবে মুক্তিপ্রাপ্ত বেশ কটি নাটক ইতিমধ্যেই অন্তর্জালে আলোচনার জন্ম দিয়েছে । অনেক নাটকের ভূয়সী প্রশংসা করছেন নেটিজেনরা। পাশাপাশি ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে রয়েছে। ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষ ১০টি কনটেন্টের মধ্যে রয়েছে চারটি একক নাটক। আটটি শর্টসের পর বহুল আলোচিত সাকিব খানের সিনেমার গান লিচুর বাগানে রয়েছে এই শীর্ষ ট্রেন্ডিংয়ের কাতারে। 

বর্তমানে ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে রয়েছে একক নাটক ‘আশিকি’। গত ৮ জুন সিএমভি’র ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে এটি। এখন পর্যন্ত নাটকটির ভিউ দাঁড়িয়েছে ১ কোটি ২০ লাখের  বেশি। ‘আশিকি’ নাটকে প্রথমবার রকস্টার চরিত্রে অভিনয় করেছেন জোভান। তার বিপরীতে রয়েছেন নাজনীন নীহা। পারভেজ ইমামের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন ইমরোজ শাওন।

ট্রেন্ডিংয়ের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ অবস্থানে রয়েছে শর্টস ভিডিও। 

পঞ্চম অবস্থানে রয়েছে একক নাটক ‘ক্ষতিপূরণ’। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ নির্মিত এ নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও মেহজাবীনের ছোট বোন মালাইকা চৌধুরী। তাছাড়াও অভিনয় করেছেন নাদের চৌধুরী, মনিরা আক্তার মিঠু, রাশেদ মামুন অপু, সুষমা সরকার প্রমুখ। গত ১০ জুন সিনেমাওয়ালা’র ইউটিউব চ্যানেলে মুক্তি পায় এটি। তিন দিনে নাটকটির ভিউ হয়েছে ৩৩ লাখ।

ট্রেন্ডিংয়ের ৬ষ্ঠ অবস্থানে রয়েছে একক নাটক ‘কোটি টাকার চেয়ারম্যান’। নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন নিলয় আলমগীর ও হিমি। তাছাড়াও অভিনয় করেছেন— সাইদুর রহমান পাভেল, শিবলু মৃধা, জাহিদ ইসলাম, জাবেদ গাজী প্রমুখ। গল্প ও পরিচালনা করেছেন মিতুল খান। গত ৮ জুন পিকক এন্টারটেইনমেন্ট এর ইউটিউব চ্যানেলে মুক্তি পায় এটি। ৫দিনে নাটকটির ভিউ দাঁড়িয়েছে ৫০ লাখ।

ট্রেন্ডিংয়ের সপ্তম অবস্থানে রয়েছে ধূপছায়া এন্টারটেইনমেন্ট চ্যানেলের নাটক ঘ্রাণ। তিন দিনে নাটকটি দেখেছেন ৩ লাখ ২০ হাজার দর্শক। ইমাদ বাবুল লেখা নাটকটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব এবং নাজনীন নাহার নিহা। এছাড়াও আরো অভিনয় করেছেন দিলারা জামান, রোজী সিদ্দিকী প্রমুখ। নাটকটি পারিচালনা করেছেন মাশরিকুল আলম।

অষ্টম থেকে একাদশ অবস্থানে রয়েছে চারটি শর্টস ভিডিও।  এর পরেই রয়েছে চরকি’র ইউটিউব চ্যানেলে মুক্তিপ্রাপ্ত কে দিল পিরিতির বেড়া লিচুর বাগানে? মিউজিক ভিডিও। ১১ দিনে চ্যানেলটিতে গানটি দেখা হয়েছে ১ কোটি ৩০ লাখ বার।