দেশের ২৯টি পল্লী বিদ্যুৎ সমিতির সাথে যুক্ত হলো নগদ
দেশের ২৪টি জেলায় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) আরো ২০টি অঞ্চলের ২৯টি পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকেরা মোবাইল ফিনটেক সল্যুশন নগদের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। নতুন এই সমিতিগুলো যুক্ত হওয়ায় দেশের পল্লী বিদ্যুৎ সমিতির অর্ধেকের বেশি গ্রাহক নগদের মাধ্যমে তাদের বিদ্যুৎ বিল প্রদান করতে পারবেন।
১৬ ফেব্রুয়ারি, সোমবার এই তথ্য জানিয়েছে নগদ বলেছে, এখন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আরও ২০টি পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) পোস্টপেইড বিল প্রদান করা যাবে নগদ অ্যাপ ব্যবহার করে। প্রত্যেক গ্রাহক অ্যাপের মাধ্যমে এই সুবিধা নিতে পারবেন। সে জন্য অ্যাপে ‘বিল পে’ ট্যাবে গিয়ে ‘ইলেকট্রিসিটি’ অপশনটি নির্বাচন করতে হবে। এরপর ‘আরইবি পোস্টপেইড’ নির্বাচন করে বিল প্রদান করা যাবে।
নতুন করে যুক্ত হওয়া সমিতিগুলো হলো- ফেনী পল্লী বিদ্যুৎ সমিতি, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪, ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতি, কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতি, ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতি, ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি, বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-২, ভোলা পল্লী বিদ্যুৎ সমিতি, ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১, ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩, ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪, নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১, গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১, ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১, ঝালকাঠি পল্লী বিদ্যুৎ সমিতি ও কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি।
এর আগে নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতি, পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১, রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতি, রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতি, রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২ ও টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকেরা নগদের মাধ্যমে তাদের বিদ্যুৎ বিল প্রদান করে আসছেন।
বাংলাদেশের ৮০ ভাগ বিদ্যুৎ গ্রাহক আছেন আরইবির অধীনে। আর দেশের ৮ কোটির বেশি গ্রাহক আছেন নগদে।
ডিবিটেক/এলএমএলএস/আরএ







