আইএসপিএবি সদস্য কামরুল হত্যায় জড়িতদের ৭ দিনের মধ্যে গ্রেফতার দাবি
রাজধানীর মধ্য বাড্ডার গুদারাঘাটে দুবৃত্তের গুলিতে নিহত ইন্টারনেট ব্যবসায়ী কামরুল আহসান হত্যাকারীদের ৭ দিনের মধ্যে গ্রেফতারের দাবি করেছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। মঙ্গলবার আইএসপিএবি কার্যনির্বাহী কমিটির পক্ষে সংগঠনটির সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, গত রবিবার (২৫ মে ২০২৫) রাতে রাজধানীর মধ্য বাড্ডা গুদারা ঘাট এলাকায় সন্ত্রাসী ও দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে নিহত হয়েছেন ঢাকা বিভাগীয় ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্বদেশ কমিউনিকেশন এর প্রতিষ্ঠাতা কামরুল আহসান। তিনি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এর সম্মানিত সদস্য (সদস্য এ-২৭৮)।
বিটিআরসি’র নিবন্ধিত হিসেবে আইএসপি পারিবারের প্রতিটি সদস্য বর্তমান সময়ের মৌলিক অধিকার হিসেবে বিবেচিত এবং সরকারের পক্ষ থেকে জরুরী সেবা হিসেবে গৃহীত ইন্টারনেট ব্যবসায়ী ও কর্মীদের নিরাপত্তা দেয়া না হলে এই সংযোগ ব্যবস্থাপনাও ভেঙ্গে পড়বে। বিষয়টি আমলে নিয়ে কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশা করছে আইএসপিএবি’র কার্যনির্বাহী কমিটি।







