২-৪ এপ্রিলে ঢাকায় বসছে ‘ব্রডব্যান্ড এক্সপো'
বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারে শুরু থেকেই মোবাইল ইন্টারনেটের প্রাধান্য বেশি। তবে টেলিমেডিসিন, ই-এডুকেশন, নজরদারি ও ঘরোয়া নিরাপত্তা ব্যবস্থার মতো সেবায় নির্ভরযোগ্য ও স্থিতিশীল সংযোগ নিশ্চিত করতে ফিক্সড ব্রডব্যান্ডের বিকল্প নেই। সে বিষয়টি সবার সামনে তুলে ধরতে দেশে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে ‘ব্রডব্যান্ড এক্সপো-২০২৬’।
আগামী ২ থেকে ৪ এপ্রিল রাজধানীর শের-ই-বাংলা নগরে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-এ তিন দিনব্যাপী এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবি।
আইএসপিএবি সচিবালয় সূত্রে প্রকাশ, তিন দিনের কর্মসূচির মধ্যে প্রথম দিন থাকবে উদ্বোধনী আয়োজন, দ্বিতীয় দিন অনুষ্ঠিত হবে দুটি সেমিনার এবং শেষ দিন সমাপনী অনুষ্ঠান।
সেমিনারে খাতসংশ্লিষ্ট ব্যবসায়ী, প্রযুক্তি সরবরাহকারী ও বিশেষজ্ঞরা অংশ নেবেন। সেখানে ফিক্সড ব্রডব্যান্ড শিল্পের ভবিষ্যৎ, নীতিগত চ্যালেঞ্জ, অবকাঠামো উন্নয়ন এবং নতুন প্রযুক্তির ব্যবহার নিয়ে আলোচনা হবে। আয়োজকদের প্রত্যাশা, এ এক্সপো শিল্পসংশ্লিষ্ট সবার জন্য কার্যকর জ্ঞান-বিনিময় প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
এক্সপোতে আইওটি ডিভাইস, নেটওয়ার্ক সুরক্ষা সমাধান, স্মার্ট হোম প্রযুক্তি এবং ব্রডব্যান্ডভিত্তিক বিভিন্ন উদ্ভাবনী সেবা প্রদর্শিত হবে। সার্বিকভাবে, ডিজিটাল অন্তর্ভুক্তি নিশ্চিত করা এবং ফিক্সড ব্রডব্যান্ড শিল্পকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে ‘ব্রডব্যান্ড এক্সপো-২০২৬’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ডিবিটেক/এমইউ/ইকে







