আধা ঘণ্টায় টিকিটের জন্য ১ কোটি ১৪ লাখ হিট
আগামী ৭ জুনকে পবিত্র ঈদুল আজহার দিন ধরে ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। পশ্চিমাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর ৩ জুনের টিকিটের জন্য ওয়েবসাইটে সর্বোচ্চ ১ কোটি ১৪ লাখ হিট হয়েছে। এই হিট হয়েছে প্রথম আধা ঘণ্টায় রেলওয়ের অনলাইন টিকেটিং প্ল্যাটফর্মে। সকাল ৯টার মধ্যেই পশ্চিম অঞ্চলের সব টিকিট শেষ হয়ে গেছে।
শনিবার (২৪ মে) সকালে বাংলাদেশ রেলওয়ের সূত্র জানিয়েছে, সকাল ৮টায় বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হয়। টিকিটের জন্য ওয়েবসাইটে সর্বোচ্চ ১ কোটি ১৪ লাখ হিট হয়েছে।
এ বিষয়ে কমলাপুরের রেল স্টেশনের ম্যানেজার মো. শাহাদাত হোসেন গণমাধ্যমকে বলেন, ‘অগ্রিম টিকিট বিক্রি শুরু হওয়ার পর থেকে আজ সর্বোচ্চ হিট হয়েছে অনলাইনে। আগামী দুই দিনের টিকিটের চাহিদা আরও বেশি থাকবে ধারণা করছি। ’
এদিকে, দুপুর ২টায় বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট। যাত্রীদের টিকিট ক্রয়ের সুবিধার্থে এ ভিন্নতা এনেছে বাংলাদেশ রেলওয়ে।
এবার শুধু ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাওয়া আন্তঃনগর ট্রেনগুলোর মোট আসন সংখ্যা থাকছে ৩৩ হাজার ৩১৫টি। ঈদ উপলক্ষ্যে রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা থেকে এ তথ্য জানা যায়।
কর্মপরিকল্পনার তথ্য মতে, ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ৩১ মের আসন বিক্রি হয়েছে ২১ মে, ১ জুনের আসন বিক্রি হয়েছে ২২ মে, ২ জুনের আসন বিক্রি হয়েছে ২৩ মে, ৪ জুনের আসন বিক্রি হবে ২৫ মে, ৫ জুনের আসন বিক্রি হবে ২৬ মে এবং ৬ জুনের আসন বিক্রি হবে ২৭ মে।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের আগে ৭ দিনের ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম হিসেবে বিক্রি করবে। এ সময় কেনা টিকিটগুলো যাত্রীরা রেলওয়েকে ফেরত দিতে পারবেন না। প্রতিজন টিকিটপ্রত্যাশী ৪টি আসনের টিকিট একবার একসঙ্গে সংগ্রহ করতে পারবেন।







