বাংলাফ্যাক্ট’র জালে পুরোনো ভিডিও; অসম্পূর্ণ তথ্য

বাংলাফ্যাক্ট’র জালে পুরোনো ভিডিও; অসম্পূর্ণ তথ্য
১৯ মে, ২০২৫ ১২:২৮  
১৯ মে, ২০২৫ ১৩:০২  

সোশ্যাল হ্যান্ডেলে ছড়িয়ে দেয়া বাসে ২০২৩ সালে অগ্নিসংযোগের ভিডিওকে সাম্প্রতিক। বন্দর কর্মকর্তা বরখাস্তের বিষয়ে প্রচার করা হচ্ছে আংশিক তথ্য। একইভাবে আওয়ামী লীগের ফেসবুক পেজে শেয়ার করা ফটোকার্ডে দেয়া সাম্প্রতিক মিছিলের ভিডিওটি মূলত ২০২০ সালের।

অনলাইনে আলোচনায় থাকা ভিডিও ও তথ্য যাচাই করে এমনটা জানিয়েছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট জানায়, ‘বাসে অগ্নিসংযোগের ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, ২০২৩ সালে বিএনপির ডাকা অবরোধের সময় রাজধানীর শ্যামলীতে ওয়েলকাম পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনার ভিডিও এটি। একে সাম্প্রতিক বলে প্রচার করা হয়েছে।

এছাড়াও বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজে ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের মিছিল হিসেব প্রকাশ করা ভিডিওটি ২০২০ সালের এবং কুষ্টিয়ার বলে প্রমাণ পেয়েছে বাংলাফ্যাক্ট। পাশাপাশি দুটি ভিডিও দিয়ে এর প্রমাণও দেয়া হয়েছে। 

অপরদিকে  গত ২৯ এপ্রিল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ চাকরিবিধি লঙ্ঘনের অভিযোগে বন্দরের যান্ত্রিক বিভাগের সিনিয়র অপারেটর মো. ইয়াছিনকে সাময়িক বরখাস্ত করা হয় এবং পরে সেটি প্রত্যাহারও করা হয়। চট্টগ্রাম বন্দর সচিব মো. ওমর ফারুক ১৭ মে রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “ওনাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। কিন্তু কয়েকদিন পর তার আবেদনের পরিপ্রেক্ষিতে সাময়িক বরখাস্তের শাস্তি প্রত্যাহার করেছে সংশ্লিষ্ট বিভাগ।”

তবে গত ১৭ মে, চট্টগ্রামভিত্তিক নিউজ পোর্টাল সিভয়েস ও নিউজ চট্টগ্রাম ২৪ এর সংবাদে চাকরি বরখাস্তের বিষয়টি উঠে এলেও বরখাস্তের আদেশ প্রত্যাহারের বিষয়টি উঠে আসে নি৷ বিষয়টির পূর্ণাঙ্গ চিত্র উঠে না আসায় এসব সংবাদ পাঠককে বিভ্রান্ত করতে পারে বলে মনে করে রাষ্ট্রীয় ভাবে তথ্যযাচাইয়ের এই উইংটি।