কাতার এয়ারওয়েজের রেকর্ড ২.১ বিলিয়ন ডলার মুনাফা

কাতার এয়ারওয়েজের রেকর্ড ২.১ বিলিয়ন ডলার মুনাফা
১৯ মে, ২০২৫ ১৪:৩১  
১৯ মে, ২০২৫ ১২:৩২  

দোহার রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা কাতার এয়ারওয়েজ ২০২৫ অর্থবছরে ২.১ বিলিয়ন মার্কিন ডলার (৭.৮ বিলিয়ন কাতারি রিয়াল) নিট মুনাফা অর্জনের ঘোষণা দিয়েছে, যা আগের বছরের তুলনায় ২৮ শতাংশ বেশি। সোমবার সংস্থাটির প্রকাশিত প্রাথমিক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। খবর রয়টার্স।

কাতার এয়ারওয়েজের প্রধান নির্বাহী বদর মোহাম্মদ আল-মির বলেন, “বিভিন্ন রাজনৈতিক, অর্থনৈতিক ও পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা কৌশলগত অংশীদারত্ব সফলভাবে বাস্তবায়ন করেছি, যা আমাদের স্থিতিশীলতা নিশ্চিত করেছে।”

বিগত বছরে যাত্রী পরিবহন ও রাজস্বসংক্রান্ত পূর্ণাঙ্গ প্রতিবেদন এখনও প্রকাশ না হলেও, মার্চ মাসে কাতার এয়ারওয়েজের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা থিয়েরি অ্যান্টিনোরি জানান, এপ্রিল ২০২৪ থেকে জানুয়ারি ২০২৫ পর্যন্ত যাত্রী পরিবহনে ৯% প্রবৃদ্ধি দেখা গেছে; এর মধ্যে ইউরোপে ১৪% এবং জার্মানিতে ১২%।

যাত্রী পরিবহন বাড়াতে কাতার এয়ারওয়েজ ২৫% অংশীদারিত্ব নিয়েছে ভার্জিন অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার এয়ারলিংকে। সম্প্রতি প্রতিষ্ঠানটি বোয়িংয়ের কাছ থেকে ১৬০টি ৭৭৭এক্স ও ৭৮৭ উড়োজাহাজ অর্ডার দিয়েছে, যার মূল্য ৯৬ বিলিয়ন ডলার—যা বোয়িংয়ের ইতিহাসে বৃহত্তম ওয়াইডবডি চুক্তি।

ডিবিটেক/বিএমটি