ফোনের ব্যাকআপ ব্যাটারি হিসেবে কাজ করবে এইচএমডির নতুন ইয়ারবাড
মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৫-এ এইচএমডি নতুন “অ্যাম্পড বাডস” উন্মোচন করেছে, যার চার্জিং কেস ফোনের ব্যাকআপ ব্যাটারি হিসেবেও কাজ করবে। ১,৬০০ এমএএইচ ব্যাটারিযুক্ত এই কিউআই২ সমর্থিত কেস রিভার্স ওয়্যারলেস চার্জিংয়ের মাধ্যমে স্মার্টফোনের চার্জ বাড়িয়ে তুলতে পারে। খবর দ্য ভার্জ।
নতুন এই ইয়ারবাডে অ্যাকটিভ নয়েজ ক্যানসেলেশন ও এনভায়রনমেন্টাল নয়েজ ক্যানসেলেশন প্রযুক্তি রয়েছে। কেসটি আইপিএক্স৪ ও ইয়ারবাড আইপি৫৪ সার্টিফিকেশনপ্রাপ্ত, যা কিছুটা পানি ও ধুলোর প্রতিরোধ ক্ষমতা দেয়। কেসটি ১৪ মিমি পাতলা এবং এতে চুম্বকযুক্ত কিউআই২ ও ম্যাগসেইফ চার্জিং সুবিধা রয়েছে, ফলে এটি বেশিরভাগ ফোনের সঙ্গে সহজেই সংযুক্ত হতে পারবে।
এইচএমডি জানিয়েছে, কেসটি ইয়ারবাডকে ১০ বারেরও বেশি চার্জ দিতে সক্ষম, যা ৯৫ ঘণ্টা পর্যন্ত গান শোনার সুযোগ দেবে। এটি এপ্রিল মাসে বাজারে আসবে এবং এর দাম নির্ধারণ করা হয়েছে ১৯৯ ইউরো (প্রায় ২০৬ ডলার)।
ডিবিটেক/বিএমটি







