যুক্তরাষ্ট্রে সরকারি ফোনে টিকটক ব্যবহারের নিষেধাজ্ঞা প্রত্যাহার
যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের ফোনে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাপ 'টিকটক' ব্যবহারের ওপর দীর্ঘদিনের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। মার্কিন বিচার বিভাগ (ডিপার্টমেন্ট অব জাস্টিন) জানিয়েছে, এখন থেকে ফেডারেল সরকারের দেওয়া ডিভাইস বা ইলেকট্রনিক যন্ত্রাংশে টিকটক ডাউনলোড এবং ব্যবহার করা যাবে।
বিচার বিভাগ স্পষ্ট করেছে যে, টিকটকের বর্তমান সংস্করণটি আগের মতো জাতীয় নিরাপত্তার জন্য আর ঝুঁকিপূর্ণ নয়। এই ঘোষণার পর দেশটির বিভিন্ন সরকারি সংস্থার কর্মীরা তাদের অফিশিয়াল ফোনে অ্যাপটি ব্যবহার করতে পারবেন।
জাতীয় নিরাপত্তার স্বার্থে ২০২২ সালে মার্কিন ফেডারেল সরকারের প্রায় সব ডিভাইসে টিকটক ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছিল। তৎকালীন কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই)-এর পরিচালক ক্রিস্টোফার রেই সতর্ক করেছিলেন যে, চীনের মূল প্রতিষ্ঠান 'বাইটড্যান্স'-এর মাধ্যমে টিকটক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিতে পারে বেইজিং।
পরবর্তীতে ২০২৪ সালে মার্কিন প্রতিনিধি পরিষদে একটি বিল পাস হয়, যেখানে বাইটড্যান্স যদি টিকটকের মালিকানা বিক্রি না করে, তবে পুরো যুক্তরাষ্ট্রে অ্যাপটি নিষিদ্ধ করার কথা বলা হয়েছিল। সেই ধারাবাহিকতায় চলতি বছরের জানুয়ারিতে টিকটকের মার্কিন অংশের ব্যবসা বিক্রির চুক্তি চূড়ান্ত হয় এবং 'টিকটক ইউএসডিএস যৌথ উদ্যোগ' নামে একটি নতুন স্বাধীন প্রতিষ্ঠান গঠন করা হয়। নতুন এই ব্যবসায় বাইটড্যান্সের হাতে মাত্র ২০ শতাংশ শেয়ার রয়েছে। বাকি সিংহভাগ মালিকানা এখন ওরাকলসহ অন্যান্য অ-চীনা ও মার্কিন বিনিয়োগকারীদের নিয়ন্ত্রণে।
নতুন এই চুক্তির সময় টিকটক কর্তৃপক্ষ জানিয়েছিল, ওরাকলের নিরাপদ ক্লাউড পরিবেশের মাধ্যমে মার্কিন ব্যবহারকারীদের ডেটা বা তথ্য পুরোপুরি সুরক্ষিত থাকবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের তথ্যের ওপর ভিত্তি করেই অ্যাপের অ্যালগরিদম বা স্বয়ংক্রিয় কার্যপদ্ধতি পরিচালনা করা হবে, যাতে কোনো বহিরাগত হস্তক্ষেপ না থাকে।
মার্কিন বিচার বিভাগ তাদের বিবৃতিতে জানায়, নতুন এই যৌথ উদ্যোগটি মূল প্রতিষ্ঠান বাইটড্যান্স থেকে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে। এর অধিকাংশ মালিকানা মার্কিন বিনিয়োগকারীদের হাতে এবং সাইবার নিরাপত্তা জোরদার করতে এর ভেতরের কার্যপদ্ধতি পুরোপুরি সংস্কার করা হয়েছে। ফলে আগের যে নিরাপত্তা ঝুঁকি নিয়ে উদ্বেগ ছিল, তা এখন আর নেই।
তবে বিচার বিভাগ নিষেধাজ্ঞা তুলে নিলেও সরকারি ফোনে টিকটক রাখা হবে কি না, সেই চূড়ান্ত সিদ্ধান্তের দায়ভার প্রতিটি সরকারি সংস্থার নিজস্ব নীতিমালার ওপর ছেড়ে দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়, কর্মক্ষেত্রে কর্মচারীদের উৎপাদনশীলতা বজায় রাখা বা প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনার খাতিরে যেকোনো সংস্থা চাইলে স্বাধীনভাবে তাদের নিজস্ব ডিভাইসে টিকটক নিষিদ্ধ রাখার সিদ্ধান্ত বহাল রাখতে পারবে।
ডিবিটেক/বিএমটি । সূত্র: এনগ্যাজেট





