জীবাশ্ম জ্বালানি থেকে সরে এআই-এ ঝুঁকছে কাতার

জীবাশ্ম জ্বালানি থেকে সরে এআই-এ ঝুঁকছে কাতার
ছবি: সংগৃহিত
২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ১০:৪৯  
২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ১১:৫৫  

কৃত্রিম বুদ্ধিমত্তায় নেতৃত্বদানকারীর খেতাব পেতে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে চলছে প্রতিযোগিতা। এমন বাস্তবতায় শতাধিক বিনিয়োগকারী, দেড় হাজারের বেশি স্টার্ট-আপ ও ২৫ হাজারের বেশি অংশগ্রহণকারীর উপস্থিতিতে কাতারে অনুষ্ঠিত হলো ওয়েব সামিট ২০২৫। নতুন উদ্যোগ, উদ্ভাবন এবং ডিজিটাল মার্কেটিং নিয়ে দেশটির রাজধানী দোহায় ২৩-২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় এই সম্মেলন।

সম্মেলনে এআই প্রতিযোগিতায় কাতার থেকে অংশ নেয়া আহমদ আবুশাইখা বলেন, ‘তেল ও গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানি থেকে সরে জ্ঞানভিত্তিক অর্থনীতি তৈরির চেষ্টা করছে কাতার। এবারের ওয়েব সামিট স্টার্ট-আপ ও নতুন উদ্ভাবনী চিন্তা কাতারের প্রচেষ্টাকে ত্বরান্বিত করবে।”

মুসলিম দেশগুলোর পাশাপাশি প্রতিবেশি এই সম্মেলনে বাংলাদেশের সরব উপস্থিতি চোখে পড়েনি। তবে বার্ষিক এই প্রযুক্তি সম্মেলনে প্রায় ৯০টি দেশের কয়েক হাজার রাজনৈতিক, প্রযুক্তি ও ব্যবসায়ী ব্যক্তিত্ব অংশ নিয়েছেন। অংশ নিয়েছে দেড় হাজারের বেশি স্টার্ট-আপ। যোগ দেন ৬ শতাধিক বিনিয়োগকারী। আসরে অতিথি হিসেবে বক্তব্য দেন স্কেল এআই এর প্রতিষ্ঠাতা আলেকজান্ডার ওয়াং, টিকটক গ্লোবাল বিজনেস সলিউশনের প্রেসিডেন্ট ব্লেক চ্যান্ডলি ও হলিউড অভিনেতা উইল স্মিথসহ ৩৮০ বক্তা। 

সম্মেলনের কেন্দ্রবিন্দুতে ছিলো কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসঙ্গ। চ্যাটজিপিটি, কো পাইলট, লামা কিংবা জেমিনির মতো এআই চ্যাটবট তৈরির মাধ্যমে এই খাতে নেতৃত্বদানকারীর ভূমিকা দখল করেছে যুক্তরাষ্ট্র। ডিপসিক তৈরির মাধ্যমে ইতোমধ্যেই নিজেদের সক্ষমতার জানান দিয়েছে চীন। প্রতিযোগিতায় টিকে থাকতে বাকি দেশগুলোও ঝুঁকছে এআইয়ের দিকে। ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে কৃত্রিম বুদ্ধিমত্তায় নেতৃত্বদানকারীর খেতাব পেতে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে চলছে প্রতিযোগিতা। যাতে ভাগ বসাতে চায় স্বাগতিক কাতার।

এরই অংশ হিসেবে চলতি সপ্তাহে সরকারি সেবায় এআই এর ব্যবহার বাড়াতে 'স্কেল এ আই' এর সঙ্গে ৫ বছরের চুক্তি করেছে উপসাগরীয় দেশটি । সম্মেলনের মাধ্যমে নতুন স্টার্ট-আপগুলোকে ফ্রি ভিসা, কর ছাড়, বিজনেস লাইসেন্স ও বিশেষ তহবিল প্রদানের মাধ্যমে দেশটিতে বিনিয়োগে আকৃষ্ট করছে কাতার সরকার।

২০০৯ সালে ডাবলিনে মাত্র ১৫০ জনকে নিয়ে প্রযুক্তি সম্মেলন হিসেবে যাত্রা শুরু করে ওয়েব সামিট। এবার হলো সম্মেলনের দ্বিতীয় অধ্যায়।