ফ্রি ফটোশপ অ্যাপ আনলো অ্যাডোবি

ফ্রি ফটোশপ অ্যাপ আনলো অ্যাডোবি
২৬ ফেব্রুয়ারি, ২০২৫ ১১:০২  
২৬ ফেব্রুয়ারি, ২০২৫ ১১:০২  

অ্যাডোবি প্রথমবারের মতো মোবাইল ফোনের জন্য ফটোশপ অ্যাপ উন্মুক্ত করেছে, যেখানে ব্যবহারকারীরা বিনামূল্যে অ্যাপটি ব্যবহার করতে পারবেন। এছাড়া, বাড়তি ফিচারসহ প্রিমিয়াম সংস্করণ ৭.৯৯ ডলার মাসিক সাবস্ক্রিপশনে পাওয়া যাবে। খবর রয়টার্স।

১৯৯০ সালে প্রথম প্রকাশিত ফটোশপ এতদিন শুধু পেইড সংস্করণেই পাওয়া যেত। এর আগে সবচেয়ে কম খরচে এটি আইপ্যাডের জন্য ৯.৯৯ ডলার মাসিক সাবস্ক্রিপশনে পাওয়া যেত। তবে নতুন এই সংস্করণ আইফোন ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত হয়েছে এবং শিগগিরই অ্যান্ড্রয়েডেও আসবে বলে জানিয়েছে অ্যাডোবি।

অ্যাপলের আইওএস ও গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে বিনামূল্যে ছবি সম্পাদনার অনেক ফিচার যুক্ত হওয়ায় অ্যাডোবি নতুন প্রজন্মের ব্যবহারকারীদের আকৃষ্ট করতে এই উদ্যোগ নিয়েছে। অ্যাডোবির ক্রিয়েটিভ পেশাদার অ্যাপ বিভাগের ভাইস প্রেসিডেন্ট দীপা সুব্রামানিয়াম জানিয়েছেন, তরুণ নির্মাতাদের কথা মাথায় রেখেই এই অ্যাপ ডিজাইন করা হয়েছে, কারণ তাদের অনেকেই মোবাইল ফোনে সৃজনশীল কাজ করে থাকেন।

ফ্রি ফটোশপ অ্যাপে ছবি বিভিন্ন লেয়ারে বিভক্ত করা, নির্দিষ্ট অংশ মাস্কিং করা ও টেক্সট সংযোজনের মতো ফিচার থাকবে, যা পডকাস্ট কাভার, মিউজিক প্লেলিস্ট ও ইউটিউব ভিডিওর জন্য কাভার ডিজাইন করতে ব্যবহার করা যাবে।

ডিবিটেক/বিএমটি