‘পাসের আগে আদায়কৃত অর্থে লকডাউনে একমাস বিনা খরচে চলতে পারবে মোবাইল গ্রাহক’

২১ জুন, ২০২০ ১৫:০৩  
গত পাঁচ বছরে বাজেট পাসের আগে ‘অনৈতিক’ ভাবে যে অতিরিক্ত মূসক কাটা হয়েছে তা গ্রাহককে ফেরত দেয়া হলে লকডাউনে মোবাইলফোন গ্রাহক অন্তত এক মাস বিনা খরচে চলতে পারবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ। বাজেটে টেলিযোগাযোগ খাতে ৫ শতাংশ বাড়তি কর আরোপের সিদ্ধান্ত বাতিলের দাবিতে রোববার (২১ জুন) আয়োজিত সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। এসময় সংগঠনটির সাধারণ সম্পাদক আইনজীবি আবু বকর সিদ্দিক ও যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইশরাত হাসান সংযুক্ত ছিলেন। সংবাদ সম্মেলেনে সম্পূরক শুল্ক না বাড়িয়ে বরং কমিয়ে শতভাগ নাগরিককে টেলিযোগাযোগ সেবার অধীনে আনতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। আর এর মাধ্যমে ৬ হাজার কোটি টাকার মতো রাজস্ব বাড়বে বলেও বলা হয়েছে। সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, মোবাইল ব্যাংকিংয়ে প্রতিদিন বিপুল অর্থ লেনদেন হলেও এর সার্ভিস চার্জ নিয়ে বোদ্ধাদের কথা বলতে দেখি না। অথচ এই খাতে মানুষের দেহ থেকে রক্তনেয়ার পর প্লাজমা আলাদা করার মতো কমিশন আদায় করা হয়। ব্যাংক নিয়ে ব্যাপক আলেচনা হলেও প্রযুক্তি খাতে যেখানে বিপুল সম্ভবনা রয়েছে সেই খাত নিয়ে অর্থনীতিবিদরা আলোচনা করছেন না। প্রান্তিক জনগোষ্ঠীর স্বার্থ নিয়ে আলোচনা না করা দুঃখজনক।