বিটিআরসি’র নতুন মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী মুস্তাফিজুর রহমান

৪ ডিসেম্বর, ২০২৩ ১০:৫৮  

বাংলাদেশ সেনাবাহিনী থেকে আরো একজন ব্রিগেডিয়ার জেনারেলকে মহাপরিচালক হিসেবে পাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন। কমিশনে নতুন মহাপরিচালক হিসেবে পদায়ন হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল কাজী মুস্তাফিজুর রহমান। সোমবার জনপ্রশাসন থেকে এ নিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে অবিলম্বে এই আদেশ কার্যকরের নির্দেশ করা হয়েছে।

এর আগে গত সেপ্টেম্বরে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খলিল-উর-রহমানকে সিস্টেম অ্যান্ড সার্ভিসেস বিভাগের মহাপরিচালক হিসেবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয় সরকার।

তিনি ছাড়াও এখন আরো ২ জন ব্রিগেডিয়ার জেনারেল মহাপরিচালক হিসেবে বিটিআরসিতে দায়িত্ব পালন করছেন। এদের মধ্যে ব্রিগেডিয়ার জেনারেল মনিরুজ্জামান জুয়েল স্পেকট্রাম বিভাগে এবং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন বিভাগে ব্রিগেডিয়ার জেনারেল মো: এহসানুল কবির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়াও সংস্থাটিতে বেসামরিক ব্যক্তি হিসেবে লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগে আশীষ কুমার কুণ্ডু এবং আব্দুল্লাহ আল মামুন প্রশাসন বিভাগের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।