ফেসবুক বা ল্যাপটপ নয়, সম্পূরক উন্নয়নই ডিজিটাল বাংলাদেশ

৬ মার্চ, ২০২০ ১৭:৩৫  
শিক্ষা, কৃষি, শিল্প, যোগাযোগ, মৎস্য সম্পদ অবকাঠামো উন্নয়নসহ দেশের সকল ক্ষেত্রে সম্পূরক উন্নয়নই ডিজিটাল বাংলাদেশ বলে মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ মানে ফেসবুক, স্মার্ট ফোন ল্যাপটপ ব্যবহার বা নিজেকে বড় করে দেখার বিষয় নয়। ডিজিটাল বাংলাদেশ মানে শিক্ষা, কৃষি, শিল্প, যোগাযোগ, মৎস্য সম্পদ অবকাঠামো উন্নয়নসহ দেশের সকল ক্ষেত্রের সামগ্রিক উন্নয়ন। মুজিববর্ষ উপলক্ষে নেত্রকোনা সার্কিট হাউজের হলরুমে বৃহস্পতিবার (৫ মার্চ) অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এমন মন্তব্য করেন। স্থানীয় জেলা প্রশাসন আয়োজিত সভায় নেত্রকোনার জেলা প্রশাসক মঈনউল ইসলামের সভাপতিত্বে বক্তব্য আরো রাখেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু, নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল, ভারপ্রাপ্ত পুলিশ সুপার এস,এম আশরাফুল আলম, নেত্রকোনা পৌরসভা মেয়র নজরুল ইসলাম খান প্রমূখ।