টেলিটকের কাছে বিটিআরসি’র পাওনা ৫ হাজার ৩শ’ কোটি টাকা আদায়ের নির্দেশ
টেলিটক বাংলাদেশ লিমিটেডের কাছে তরঙ্গ বরাদ্দ বাবদ পাঁচ হাজার তিনশত কোটি টাকা পাওনা আদায়ের জন্য বিটিআরসিকে নির্দেশনা প্রদান করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বুধবার বিটিআরসিতে অনুষ্ঠিত স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে বিটিআরসির প্রস্তুতি বিষয়ক পর্যালোচনা বৈঠকে এ নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী।
বৈঠকে বিটিআরসি’র স্মার্ট কার্যক্রমের পাশাপাশি টেলিটকের কাছে তরঙ্গ বরাদ্দ বাবদ পাওনা বকেয়ার চিত্র তুলে ধরা হয়।
এসময় টেলিটককে মানুষের আকাঙ্খার উপযোগী করে গড়ে তুলতে টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণে বাংলালিংক ও রবির সাথে অ্যাকটিভ শেয়ার কার্যকর করার নির্দেশনা দেন প্রতিমন্ত্রী পলক। এই নির্দেশনা প্রতিপালিত হলে বিটিএস-এ বড় অংকের টাকা বিনিয়োগ ছাড়াই টেলিটক গ্রাহকরা রবি ও বাংলালিংকের বিস্তৃত নেটওয়ার্ক ব্যবহারের সুযোগ পাবেন।
বিটিআরসি চেয়ারম্যান প্রকৌশলী মো: মহিউদ্দিন আহমেদের সভাপাতিত্বে বৈঠকে বিটিআরসি’র কমিশনার ও মহাপরিচলকেরা উপস্থিত ছিলেন।
এছাড়াও তথ্য ও প্রযুক্তি বিভাগের সহযোগিতায় প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ও টিবিআই এবং অংশীজনদের নিয়ে সামাজিক দায়বদ্ধতা তহবিল ব্যবস্থাপনা কমিটি (SoF) এর ২২তম সভায় অংশ নেন প্রতিমন্ত্রী পলক।







