গুগল, অ্যামাজনের প্রকল্পে যাবেন না যুক্তরাষ্ট্রের ‘স্টেম’ শিক্ষার্থীরা

১৯ জুন, ২০২৪ ১২:৪৭  

ইসরায়েলি সরকারকে ক্লাউড কম্পিউটিং সেবা ও বিভিন্ন অবকাঠামোগত সহযোগিতা দেওয়ার লক্ষ্যে ১২০ কোটি ডলারের ‘প্রজেক্ট নিম্বাস’ চুক্তি করেছে সার্চ ইঞ্জিন গুগল ও ই-কমার্স সাইট অ্যামাজন। এর জের ধরেই গুগল ও অ্যামাজনে কাজ করতে অস্বীকৃতি জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ‘স্টেম’ শিক্ষার্থীদের একটি দল। অঙ্গীকার নামায় বলা হয়েছে, “ইসরায়েলি নজরদারি ও সহিংসতায় ফিলিস্তিনিরা এরইমধ্যে ক্ষতির মুখে পড়েছেন। সর্বজনীনভাবে ক্লাউড কম্পিউটিং সক্ষমতা বিস্তৃত করে ও ইসরায়েলি দখলদার সরকার ও সামরিক বাহিনীর হাতে অত্যাধুনিক প্রযুক্তি ধরিয়ে দিয়ে অ্যামাজন ও গুগল ইসরায়েলি দখলদারদেরকে আরও দক্ষ ও সহিংস করে তুলতে সাহায্য করছে, এমনকি ফিলিস্তিনিদের জন্য আরও ভয়াবহ পরিস্থিতি তৈরি হচ্ছে এতে।”

এই অঙ্গীকার করার পর বুধবার গুগলের সান ফ্রান্সিসকো দফতরের বাইরে বেশ কিছু প্রযুক্তি কর্মী ও অধিকারকর্মীদের নিয়ে ‘প্রজেক্ট নিম্বাস’ বিরোধী র‌্যালিতে অংশও নিতে দেখা গেছে ওই শিক্ষার্থীদের।

সংবাদ সাইট ‘ওয়্যার্ড’-এর প্রতিবেদনে বলা হয়েছে, যতদিন প্রযুক্তি কোম্পানি দুটি ‘প্রজেক্ট নিম্বাস’-এ নিজেদের সম্পৃক্ততা বন্ধ না করে, ততদিন ১২০টির বেশি ইউনিভার্সিটির এক হাজার একশ জনের বেশি স্টেম শিক্ষার্থী ও তরুণ প্রযুক্তি কর্মীদের দলটি গুগল ও অ্যামাজনে চাকরি বা ইন্টার্নশিপ না নেওয়ার বিষয়ে এক অঙ্গীকারনামায় স্বাক্ষর করেছেন।

আর এ অঙ্গীকারে স্বাক্ষরদাতাদের মধ্যে রয়েছেন স্ট্যানফোর্ড, ইউসি বার্কলে, ইউনিভার্সিটি অফ সান ফ্রান্সিসকো, সান ফ্রান্সিসকো স্টেট ইউনিভার্সিটি’র স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীরা।

এ অঙ্গীকারনামাকে গুগল ও অ্যামাজনের বিরুদ্ধে মুসলিম তৃণমূল আন্দোলন ‘এমপি পাওয়ার চেঞ্জ’ ও অ্যাডভোকেসি সংগঠন ‘জিউয়িশ ভয়েস ফর পিস’-এর প্রযুক্তি কর্মীদের জোট ‘নো টেক ফর অ্যাপার্থাইড (নটা)’ নামের সংগঠনটির সর্বশেষ প্রতিক্রিয়া বলে জানাগেছে।

ইউনিভার্সিটি অফ স্যান ফ্রান্সিসকো’র ‘কমিউনিকেশনস’ বিভাগে মেজর ও ‘কম্পিউটার সায়েন্স’ বিভাগে মাইনর করা শিক্ষার্থী নেওমি হার্ডি-এনজি বলেছেন, গাজা যুদ্ধে অর্থায়নকারী ও এর থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া বিভিন্ন কোম্পানির তথ্য প্রকাশের দাবিতে ক্যাম্পাসে অনুষ্ঠিত তিন সপ্তাহের ক্যাম্পে অংশ নেওয়ার সময় তিনি এই চিঠির কথা শুনেছেন।

তিনি আরও বলেন, এ চিঠিতে তিনি স্বাক্ষর করেছেন কারণ বিক্ষোভকারীদের দাবি নিয়ে কথা বলার বিষয়ে নীরব ছিলেন গুগল ও অ্যামাজনের নির্বাহীরা। তবে, এমন মনোভাবের পরিবর্তন আসতে হবে ‘একেবারে গোড়া থেকে’।

গুগলের দাবি, ‘প্রজেক্ট নিম্বাস’-এ শ্রেণীবদ্ধ বা সামরিক কাজের ‘নির্দেশনা নেই’। তবে বিভিন্ন নথি ফাঁস হওয়ার পর দেখা গেছে, ইসরায়েলের সামরিক বাহিনীর জন্য কাজ করতে চুক্তিবদ্ধ কোম্পানিটি।

তবে এ বিষয়ে ওয়্যার্ড গুগল ও অ্যামাজনের মন্তব্য জানতে চাইলেও কোনো সাড়া মেলেনি।