আইসিটির ২৫ হাজার কোটি টাকার ২২ প্রকল্পের অনিয়ম প্রতিবেদন রবিবার
বিগত এক দশকে ২২টি প্রকল্পের জন্য ২৫ হাজার কোটি টাকা বরাদ্দ পেয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। প্রকল্পগুলোর বেশিভাগই নেয়া হয়েছে ২০১৬ সালে। কয়েকটি প্রকল্পের মেয়াদ রয়েছে ২০২৭ সাল পর্যন্ত। চলমান প্রকল্পগুলোর কয়েকটির প্রকল্প বরাদ্দের টাকা বাড়ানো হয়েছে কয়েক ধাপে। তবে এসব প্রকল্পের মধ্যে বড় ধরনের ঘাপলা ও অনিয়ম পাওয়া গেছে। অনিয়মের অভিযোগ ১০-১২টি প্রকল্প সংশোধন করা হয়েছে। সূত্রমতে, তদন্তে ইডিসি, হাইটেক পার্ক ও অ্যাপ্লিকেশনের মতো প্রকল্পে গুরুতর অনিয়ম থাকায় প্রকল্প কাঁটছাট করা হয়েছে। একইসঙ্গে আলোচিত এটুআই প্রকল্প আর নবায়ন না হওয়া এবং এটুআই-কে কর্তৃপক্ষ করার বিষয়েও নেতিবাচক তথ্য মিলেছে। বিশেষ করে অনিয়মে শীর্ষে থাকা ইডিসি প্রকল্প সংশোধন করে ১৯৫ কোটি টাকার মতো সাশ্রয় হয়েছে।
আগামী ৮ ডিসেম্বর রবিবার অনিয়মের শ্বেতপত্রের সঙ্গে পরমার্শবিষয়ক তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে বলে জানিয়ছেন ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের প্রকল্পের অনিয়ম ও দুর্নীতি তদন্ত কমিটির প্রধান তদন্ত কর্মকর্তা মাহবুবুর রহমান। তিনি জানিয়েছেন, তদন্তে ২১ জন পিডিকে তলব করা হয়েছিল। তাদের বক্তব্য পর্যালোচনায় প্রায় প্রতিটি প্রকল্পে নানা ধরনের দুর্নীতি ও অনিয়মের প্রমাণ মিলেছে। ফলে তদন্তের সময়ই চলমান বেশির ভাগ প্রকল্পের অপ্রয়োজনীয় টাকার অঙ্ক বাদ দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
মাহবুবুর রহমান বলেছেন, তদন্তে দুর্নীতির থলের বিড়াল বেরিয়ে আসছে। চলমান প্রকল্পের বাইরে হাতে নেওয়া হয়েছে এমন বেশ কয়েকটি ভবিষ্যৎ প্রকল্পেরও তদন্ত করা হচ্ছে। সেসব প্রকল্পেও হরিলুটের চিত্র পাচ্ছি। এরই মধ্যে ১০-১২টি প্রকল্প বাদ দেওয়া হয়েছে। তদন্ত শেষে এখন প্রতিবেদন লেখা চলছে। প্রতিবেদনে ত্রুটি-বিচ্যুতি অনিয়ম সনাক্তের পাশাপাশি কীভাবে তা সংশোধন করা যাবে সেই সুপারিশও থাকছে।
তদন্ত কমিটিতে সদস্য সচিব হিসেবে রয়েছেন আইসিটি বিভাগের পরিকল্পনা ও উন্নয়ন অনুবিভাগের আইন শাখার উপসচিব মোঃ সিদ্দিকুর রহমান তালুকদার। কমিটিতে অধিদপ্তরের উপ-পরিচালক, হাইটেক পার্ক কর্তৃপক্ষের প্রতিনিধি, এটুআই প্রকল্প পরিচালক মো: মামুনুর রশীদ ভূঁইয়া এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের উন্নয়ন ও পরিকল্পনা শাখার মনিরুল ইসলাম এবং বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি), সরকারি কেনাকাটা মূল্যায়নে গঠিত সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটের (সিপিটিইউ) একজন প্রতিনিধিও রয়েছেন।







