সিলেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিটিং ঘিরে তোলপাড়
সিলেট: মামলা, গ্রেফতার আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিযানের মুখে সিলেটে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক তৎপরতা যখন কার্যত স্থবির, ঠিক সেই সময় দলীয় কর্মসূচি পালন করে নতুন আলোচনার জন্ম দিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক জগলু চৌধুরী। স্থানীয় রাজনৈতিক সূত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তথ্য বলছে, দলটির শীর্ষ থেকে তৃণমূল পর্যায়ের অধিকাংশ নেতাই […] The post সিলেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিটিং ঘিরে তোলপাড় first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

সিলেট: মামলা, গ্রেফতার আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিযানের মুখে সিলেটে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক তৎপরতা যখন কার্যত স্থবির, ঠিক সেই সময় দলীয় কর্মসূচি পালন করে নতুন আলোচনার জন্ম দিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক জগলু চৌধুরী।
স্থানীয় রাজনৈতিক সূত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তথ্য বলছে, দলটির শীর্ষ থেকে তৃণমূল পর্যায়ের অধিকাংশ নেতাই যখন আত্মগোপনে কিংবা নীরব, তখন কড়া নজরদারি ও ধরপাকড়ের মধ্যেই শুক্রবার (২০ নভেম্বর) কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালন করেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘Joglu Chowdhury’ নামক ফেসবুক আইডি থেকে প্রকাশিত পোস্ট ও ছবিতে দেখা যায়, সিলেট জেলা আওয়ামী লীগের উদ্যোগে ঘরোয়া পরিবেশে একটি দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
পোস্টের বিবরণ অনুযায়ী, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাম্প্রতিক সময়ে নিহত আওয়ামী লীগের নেতাকর্মীদের আত্মার শান্তি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। প্রকাশিত ছবিতে জগলু চৌধুরীসহ কয়েকজন নেতাকর্মীকে মোনাজাত করতে দেখা গেছে।
এর আগে গত ৮ নভেম্বর সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাতারগুল এলাকার একটি ইকো রিসোর্টে ‘শিক্ষা সফরের’ আড়ালে সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রনজিত সরকারের একটি গোপন সভাকে কেন্দ্র করে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়।
ওই সভার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ১১ নভেম্বর গোয়াইনঘাট থানা পুলিশ সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে, যেখানে রনজিত সরকারসহ ২০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৭৫ জনসহ মোট ১৯৫ জনকে আসামি করা হয়।
ওই মামলার পর থেকেই সিলেট জেলা ও উপজেলা পর্যায়ে পুলিশের বিশেষ ও সাঁড়াশি অভিযান জোরদার করা হয়। এরই মধ্যে রাতারগুলের ঘটনায় দায়েরকৃত মামলায় ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের অনেক নেতাকর্মীকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।
পাশাপাশি সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর পক্ষ থেকেও গোয়েন্দা নজরদারি ও টহল বাড়ানোর কথা জানানো হয়েছে। এমন কঠোর প্রশাসনিক তৎপরতা ও গ্রেফতার আতঙ্কের কারণে সিলেটের অধিকাংশ আওয়ামী লীগ নেতা প্রকাশ্যে আসা থেকে বিরত রয়েছেন বা আত্মগোপনে চলে গেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
প্রশাসনের এমন কঠোর অবস্থানের মধ্যেও জগলু চৌধুরীর এই প্রকাশ্য সাংগঠনিক তৎপরতা সিলেটের রাজনৈতিক মহল ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক কৌতূহল ও আলোচনার সৃষ্টি করেছে।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক ও সচেতন মহলের মতে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত হওয়ার পর এবং একের পর এক মামলার চাপে দলটির স্থানীয় নেতৃত্ব যখন অনেকটাই কোণঠাসা, তখন ঘরোয়া পরিসরে হলেও কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালন করে এবং তার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে জগলু চৌধুরী নিজের সক্রিয় অবস্থানের জানান দিলেন।
ফেসবুকে প্রকাশিত ছবিগুলোতে দেখা যায়, একটি কক্ষের ভেতর টেবিলের চারপাশে বসে জগলু চৌধুরীসহ অন্তত আট থেকে দশজন ব্যক্তি মোনাজাতে অংশ নিচ্ছেন, যাদের মধ্যে কয়েকজনকে মাস্ক ও ক্যাপ পরিহিত অবস্থায়ও দেখা গেছে। ছবিগুলো প্রকাশের পরপরই তা স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে।
এদিকে সিলেটে পুলিশের দায়িত্বপালন নিয়ে প্রশ্ন তুলে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী সারাবাংলাকে বলেন, ‘পুলিশ কর্মকর্তারা রাতের বেলা কাকে পাহারা দেন? তাঁরা এ দেশের জনগণকে পাহারা দেন, নাকি পালিয়ে যাওয়া নেতাকর্মীদের পাহারা দেন? যারা সিলেটসহ দেশের মধ্যে লুকিয়ে আছেন, তাদের পাহারা দেন কি না—এটা তারাই ভালো বলতে পারবেন।’
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর গোপন কর্মসূচির সমালোচনা করে তিনি আরও বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা জগলু চৌধুরীর নেতৃত্বে পরপর কয়েকটি গোপন সভা হয়েছে বা হচ্ছে; সেখানে পুলিশ প্রশাসন ব্যর্থ।’ সিলেটে কোনো ধরনের সহিংসতা, নাশকতার ঘটনা ঘটতে দেওয়া হবে না বলে দলীয় অবস্থানের কথা জানান ইমদাদ হোসেন চৌধুরী।
এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের মিডিয়ার অতিরিক্ত দায়িত্বে থাকা উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মোহাম্মদ আফজাল হোসাইন সারাবাংলাকে বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা জগলুল চৌধুরীর নেতৃত্বে বিগত কয়েকদিন থেকে নেতাকর্মীদের নিয়ে কয়েকটি গোপন মিটিং করার খবর এরই মধ্যে আমরা অবগত হয়েছি।’
তিনি বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষিদ্ধ কার্যক্রম আওয়ামী লীগের ঘরোয়া মিটিংয়ের ছবি এবং উপস্থিত নেতাকর্মীদের দেখে আমরা চিহ্নিত করেছি—তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতা চালিয়ে যাচ্ছে।’ আ.লীগের গোপন কর্মকাণ্ড ও নাশকতা বন্ধ রাখতে এবং নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, এর আগে গত ৩ নভেম্বর রাতে সিলেট নগরের কুমারপাড়া এলাকায় গোপনে একটি বাসায় জেল হত্যা দিবস উপলক্ষে একটি সভা অনুষ্ঠিত হয়। ক্ষমতাচ্যুতির ২৬ মাস পর আওয়ামী লীগের ব্যানারে আয়োজিত ওই সভায় জেলা ও মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং ছাত্রলীগের সাবেক ও বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন।
The post সিলেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিটিং ঘিরে তোলপাড় first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





