‘২৪-র বেঈমান’ নামে তালিকা তৈরি করেন অভিনেত্রী জ্যোতি

ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে একাত্মতা প্রকাশ করা এবং সরাসরি অংশ নেওয়া ব্যক্তিদের নিয়ে ‘২৪-র বেঈমান’ নামে একটি তালিকা তৈরি করেছেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। আর সেগুলো তিনি সংরক্ষণ করতেন গুগল ড্রাইভে। তালিকায় থাকা ব্যক্তিদের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ফেসবুক পোস্ট, ছবি ও ভিডিও ফুটেজও ছিল তার সংরক্ষণে। গোয়েন্দা সংস্থার তদন্তে এমনই তথ্য-প্রমাণ উঠে এসেছে। তদন্তে জানা যায়, […] The post ‘২৪-র বেঈমান’ নামে তালিকা তৈরি করেন অভিনেত্রী জ্যোতি first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

‘২৪-র বেঈমান’ নামে তালিকা তৈরি করেন অভিনেত্রী জ্যোতি
২০ নভেম্বর, ২০২৬ ০১:০০  

ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে একাত্মতা প্রকাশ করা এবং সরাসরি অংশ নেওয়া ব্যক্তিদের নিয়ে ‘২৪-র বেঈমান’ নামে একটি তালিকা তৈরি করেছেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। আর সেগুলো তিনি সংরক্ষণ করতেন গুগল ড্রাইভে। তালিকায় থাকা ব্যক্তিদের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ফেসবুক পোস্ট, ছবি ও ভিডিও ফুটেজও ছিল তার সংরক্ষণে।

গোয়েন্দা সংস্থার তদন্তে এমনই তথ্য-প্রমাণ উঠে এসেছে।

তদন্তে জানা যায়, অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতারের আগে নিজের মুঠোফোন থেকে ফেসবুক, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন তথ্য মুছে ফেলেন। তবে তথ্য-প্রযুক্তির ব্যবহারে বেশকিছু ফিরিয়ে আনা হয়েছে। যার মধ্যে মুঠোফোনের গুগল ড্রাইভে ‘২৪-র বেঈমান’ নামে একটি ফাইল পাওয়া যায়। সেখানে জুলাই আন্দোলনের পক্ষে বিভিন্ন তারকার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্ট, ছবি ও ভিডিও ফুটেজ সংরক্ষিত ছিল।

এদিকে, জ্যোতির ওই তালিকায় অনেকের নাম পাওয়া গেছে। তাদের মধ্যে হলেন- চিত্রনায়ক সিয়াম আহমেদ, অভিনেত্রী আজমেরী হক বাঁধন, আয়মান সাদিক, মৌসুমী হামিদ, সুনেরাহ্ বিনতে কামাল, অভিনেতা সৈয়দ জামান শাওন, অভিনেত্রী মুমতাহিনা টয়া ও খায়রুল বাশারসহ শোবিজ অঙ্গনের পরিচিত কয়েকজন। জুলাই আন্দোলনে তাদের সম্পৃক্ততার বিভিন্ন তথ্য-উপাত্ত ওই গুগল ড্রাইভে সংরক্ষণ করা হয়েছিল।

এছাড়া, তার ফাইলে গান বাংলার ব্যবস্থাপনা পরিচালক ও সংগীতশিল্পী কৌশিক হোসেন তাপসের ফেসবুক আইডিতে বাংলাদেশের মানচিত্রসংবলিত লাল প্রোফাইল ছবি, উপস্থাপক সোনিয়া রিফাতের পোস্ট, অভিনেত্রী দীপা খন্দকার ও বিজরী বরকতুল্লাহর ফেসবুক পোস্টের স্ক্রিনশট রয়েছে।

এসব বিষয়ে জানতে চাইলে গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) ইলিয়াস কবির জানান, অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির বিরুদ্ধে রাজধানীর ভাটারা থানায় একটি হত্যাচেষ্টা মামলা রয়েছে। ডিবি তদন্তাধীন এই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আরও তথ্য জানা যাবে।

এর আগে, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গভীর রাত প্রায় ৩টার দিকে জ্যোতিকা জ্যোতিকে গ্রেফতার করে ডিবি। তবে এর ২ ঘণ্টা আগে তার বাসার সামনে গোয়েন্দা বাহিনীর সদস্যরা অবস্থান নেন। কিন্তু জ্যোতি দরজা না খুলে তাদের বিভিন্নভাবে বিভ্রান্তি করলে কয়েকঘণ্টা সময়ক্ষেপণ হয় তাকে গ্রেফতার করতে।

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর ভাটারা এলাকায় সংঘটিত একটি হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি জ্যোতিকা জ্যোতি। ২০২৫ সালের ২৯ এপ্রিল ঢাকার আদালতে এনামুল হক নামের এক ব্যক্তি মামলাটি করেন। এতে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৩ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়। ওই মামলায় জ্যোতিকা জ্যোতি ছাড়াও অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা, রোকেয়া প্রাচী, আজিজুল হাকিম, ভাবনা, অপু বিশ্বাস, নিপুণ আক্তার ও নুসরাত ফারিয়াসহ ১৭ জন অভিনয়শিল্পীর নাম রয়েছে।

অন্যদিকে, ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আওয়ামী লীগের পক্ষে ‘আলো আসবেই’ নামের তৈরি হওয়া একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। ওই গ্রুপের অ্যাডমিন ছিলেন জ্যোতিকা জ্যোতি। এছাড়া, শিক্ষাজীবনে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন জ্যোতিকা জ্যোতি। পরে যুবলীগের রাজনীতিতে যুক্ত হন তিনি। ২০১৯ সাল থেকে আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক উপ-কমিটিতেও রয়েছেন এই অভিনেত্রী। এমনকি, ২০১৬ সালে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের উপনির্বাচন এবং ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেন জ্যোতি।

The post ‘২৪-র বেঈমান’ নামে তালিকা তৈরি করেন অভিনেত্রী জ্যোতি first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.