ত্রয়োদশ সংসদ নির্বাচন ছিল অবাধ ও গ্রহণযোগ্য: স্পিকার 

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন,  ওই নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্রকামী আপামর জনসাধারণ এবং ছাত্র-জনতা বিগত আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়েছে। একইসঙ্গে নির্বাচনের মাধ্যমে গঠিত বর্তমান সংসদ জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছে। […] The post ত্রয়োদশ সংসদ নির্বাচন ছিল অবাধ ও গ্রহণযোগ্য: স্পিকার  first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ত্রয়োদশ সংসদ নির্বাচন ছিল অবাধ ও গ্রহণযোগ্য: স্পিকার 
১৯ নভেম্বর, ২০২৬ ২২:০০  

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

তিনি বলেন,  ওই নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্রকামী আপামর জনসাধারণ এবং ছাত্র-জনতা বিগত আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়েছে। একইসঙ্গে নির্বাচনের মাধ্যমে গঠিত বর্তমান সংসদ জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে ‘ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টস (আইএইউপি) সেমি-অ্যানুয়াল কনফারেন্স-২০২৬’-এর প্রতিনিধিদের সংসদ ভবন পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুইয়া।

দেশের গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস তুলে ধরে স্পিকার বলেন, ১৯৪৭ সালে দেশভাগের পর প্রায় ২৪ বছর তৎকালীন পশ্চিম পাকিস্তানের জুলুম ও নিপীড়নের শিকার হয় বাংলাদেশ। ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পরও ক্ষমতা হস্তান্তরে অস্বীকৃতি জানানো হলে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ সংঘটিত হয়। তবে মুক্তিযুদ্ধে বিজয় অর্জিত হলেও সে সময় কাঙ্ক্ষিত গণতান্ত্রিক উত্তরণ সম্ভব হয়নি বলে তিনি মন্তব্য করেন।

হাফিজ উদ্দিন আহমদ আরও উল্লেখ করেন, ইতিহাসের বিভিন্ন সময়ে সামরিক ও স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে জনগণ রাজপথে নেমে নিজেদের গণতান্ত্রিক অধিকার রক্ষা করেছে। বিগত আওয়ামী লীগ সরকার গুম, খুন, অর্থপাচার ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করেছিল। বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার জনগণের গণতান্ত্রিক প্রত্যাশা বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে তিনি জানান।

উল্লেখ্য, ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টস (আইএইউপি) হলো বিশ্বের বিশ্ববিদ্যালয় প্রধানদের একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক, যা উচ্চশিক্ষায় একাডেমিক সহযোগিতা ও দায়িত্বশীল নেতৃত্বের বিকাশে কাজ করে। ১৯ থেকে ২১ নভেম্বর পর্যন্ত ঢাকায় অনুষ্ঠিতব্য এই সম্মেলনে ২৪টি দেশের ৭০ জনেরও বেশি বিদেশি প্রতিনিধি এবং বাংলাদেশের উচ্চশিক্ষা খাতের শীর্ষস্থানীয় নীতিনির্ধারকরা অংশ নিচ্ছেন। শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে আইএইউপির বর্তমান প্রেসিডেন্ট ও চীনের সিয়াস ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. শন চেনসহ দেশি-বিদেশি শিক্ষাবিদ এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

The post ত্রয়োদশ সংসদ নির্বাচন ছিল অবাধ ও গ্রহণযোগ্য: স্পিকার  first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.