প্রযুক্তিগত প্রস্তুতির জটিলতায় পিছিয়েছে কমোডিটি এক্সচেঞ্জ চালু
নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সঙ্গে সমন্বয়হীনতা, নীতিগত পরিবর্তন ও প্রযুক্তিগত প্রস্তুতির জটিলতায় দেশে পণ্যভিত্তিক লেনদেন বাজার চালু করতে দেরি হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক সাইফুর রহমান মজুমদার।
১০ মে, রবিবার রাজধানীতে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম আয়োজিত ‘পণ্যভিত্তিক লেনদেন বাজার : সম্ভাবনা, কাঠামো ও ভবিষ্যৎ’ শীর্ষক কর্মশালায় তিনি বলেন, প্রযুক্তিগত সক্ষমতা, স্বয়ংক্রিয় লেনদেন ব্যবস্থা এবং প্রয়োজনীয় অবকাঠামো প্রস্তুত থাকলেও নীতিগত পরিবর্তন ও সমন্বয় ঘাটতির কারণে উদ্যোগটি পিছিয়ে গেছে।
তিনি জানান, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রস্তুতি অনুযায়ী দেড় থেকে দুই বছর আগেই এ বাজার চালু করা সম্ভব ছিল। কিন্তু সরকার পরিবর্তন, নীতিমালার পরিবর্তন এবং নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে সময়মতো সমন্বয় না হওয়ায় তা সম্ভব হয়নি।
সাইফুর রহমান মজুমদার বলেন, আন্তর্জাতিক বাজারে পণ্যভিত্তিক লেনদেন ব্যবস্থা পুঁজিবাজারের গুরুত্বপূর্ণ অংশ হলেও বাংলাদেশে এটি এখনো নতুন ধারণা। ফলে বাজারসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি, প্রযুক্তিগত দক্ষতা উন্নয়ন এবং প্রয়োজনীয় বিধিমালা তৈরিতে সময় লেগেছে।
তিনি বলেন, দেশে এই ধরনের লেনদেন পরিচালনায় উন্নত প্রযুক্তি ও স্বয়ংক্রিয় সফটওয়্যার ব্যবহার করতে হচ্ছে, যার বড় অংশ বিদেশ থেকে সংগ্রহ করা হয়েছে। একই সঙ্গে আলাদা লেনদেন মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান গঠন, জনবল প্রশিক্ষণ এবং নিরাপদ তথ্যব্যবস্থা তৈরির কাজও সম্পন্ন করতে হয়েছে। তিনি আরও বলেন, দেশের পুঁজিবাজারে আধুনিক প্রযুক্তিনির্ভর লেনদেন ব্যবস্থা চালু করতে হলে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও স্থিতিশীল নীতির বিকল্প নেই।
অনুষ্ঠানে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান একেএম হাবিবুর রহমান বলেন, কিছু নীতিগত জটিলতার কারণে প্রকল্প বাস্তবায়নে বিলম্ব হয়েছে। তবে অবকাঠামোগত ও প্রযুক্তিগত প্রস্তুতি এখন প্রায় শেষ পর্যায়ে রয়েছে। তিনি জানান, পণ্যভিত্তিক লেনদেন বাজার স্থাপনে এখন পর্যন্ত প্রায় ১০০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। চলতি বছরের মধ্যেই এটি চালুর আশা করা হচ্ছে। তিনি বলেন, প্রথম ধাপে নগদ নিষ্পত্তিভিত্তিক চুক্তি লেনদেন চালু করা হবে। পরে দ্বিতীয় ধাপে সরাসরি পণ্য সরবরাহভিত্তিক ব্যবস্থা যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার ফারজানা লালারুখ। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ চেয়ারম্যান একেএম হাবিবুর রহমান। সভাপতিত্ব করেন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের সভাপতি মনির হোসেন।
ডিবিটেক/এএস/ইকে



