কৃষকদের ‘মূর্খ’ বললেন এমপি, চিফ হুইপের আপত্তিতে শব্দ এক্সপাঞ্জ

ঢাকা: খাদ্য গুদামে অনলাইনে ধান বিক্রির জটিলতা নিয়ে জাতীয় সংসদে আলোচনার সময় দেশের কৃষকদের ‘মূর্খ’ বলে অভিহিত করেন জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুল। পরে চিফ হুইপের কড়া আপত্তি ও যুক্তির পরিপ্রেক্ষিতে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ওই বিতর্কিত শব্দটি সংসদীয় কার্যবিবরণী থেকে আনুষ্ঠানিকভাবে এক্সপাঞ্জ (বাদ) ঘোষণা করেন। রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে […] The post কৃষকদের ‘মূর্খ’ বললেন এমপি, চিফ হুইপের আপত্তিতে শব্দ এক্সপাঞ্জ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

কৃষকদের ‘মূর্খ’ বললেন এমপি, চিফ হুইপের আপত্তিতে শব্দ এক্সপাঞ্জ
১৫ নভেম্বর, ২০২৬ ২৩:০০  

ঢাকা: খাদ্য গুদামে অনলাইনে ধান বিক্রির জটিলতা নিয়ে জাতীয় সংসদে আলোচনার সময় দেশের কৃষকদের ‘মূর্খ’ বলে অভিহিত করেন জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুল। পরে চিফ হুইপের কড়া আপত্তি ও যুক্তির পরিপ্রেক্ষিতে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ওই বিতর্কিত শব্দটি সংসদীয় কার্যবিবরণী থেকে আনুষ্ঠানিকভাবে এক্সপাঞ্জ (বাদ) ঘোষণা করেন।

রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে অনলাইনে আবেদন করে খাদ্য গুদামে ধান বিক্রির পদ্ধতি ও এর জটিলতা নিয়ে আলোচনা চলছিল। এ সময় আলোচনার একপর্যায়ে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুল ক্ষোভ প্রকাশ করে মন্তব্য করেন যে, দেশের অধিকাংশ কৃষক অশিক্ষিত, অর্ধশিক্ষিত বা ‘মূর্খ’। তাঁর মতে, এই বাস্তবতার কারণে ডিজিটাল পদ্ধতিতে অনলাইনে প্রবেশ করে আবেদন সম্পন্ন করা এবং নির্দিষ্ট খাদ্য গুদামে ধান পৌঁছে দেওয়া সাধারণ কৃষকদের পক্ষে একা সম্ভব হয়ে ওঠে না।

এমপির এমন মন্তব্যের পর আপত্তি জানান চিফ হুইপ মো. নূরুল ইসলাম। সংসদ সদস্যদের ভাষা ও শব্দচয়ন আরও সংযত ও সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমাদের শব্দের ব্যাপারে খেয়াল রাখতে হবে।’ চিফ হুইপ যুক্তি দেখিয়ে বলেন, গ্রামের বহু কৃষক হয়তো প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করেননি কিংবা দাপ্তরিক বা ডিজিটাল নথিপত্র বুঝতে তাঁদের কিছুটা সমস্যা হতে পারে; তবে দেশের কোটি কোটি অন্নদাতা কৃষক কোনোভাবেই ‘মূর্খ’ নন। কৃষকদের অবমূল্যায়ন করে এ ধরনের শব্দ ব্যবহার অনভিপ্রেত উল্লেখ করে তিনি ডেপুটি স্পিকারের কাছে সংসদীয় কার্যবিবরণী থেকে ‘মূর্খ’ শব্দটি বাদ দেওয়ার বিনীত অনুরোধ জানান।

চিফ হুইপের এই জোরালো বক্তব্য ও যুক্তি সমর্থনযোগ্য বলে মনে করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি তাঁর পর্যবেক্ষণে জানান, অনলাইনে ধান বিক্রির ক্ষেত্রে কৃষকদের যে দুর্ভোগ বা জটিলতার বিষয়টি তুলে ধরা হয়েছে তার মূল সারমর্ম অত্যন্ত যুক্তিসঙ্গত ও বাস্তবসম্মত হলেও এ ক্ষেত্রে শব্দের চয়ন আরও মার্জিত হওয়া উচিত ছিল।

পরবর্তীতে চিফ হুইপের প্রস্তাব ও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সংসদীয় কার্যবিবরণী থেকে বিতর্কিত ‘মূর্খ’ শব্দটি আনুষ্ঠানিকভাবে এক্সপাঞ্জ বা বাতিল বলে ঘোষণা করেন ডেপুটি স্পিকার।

The post কৃষকদের ‘মূর্খ’ বললেন এমপি, চিফ হুইপের আপত্তিতে শব্দ এক্সপাঞ্জ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.