খেলাপি ঋণ গবেষণায় আন্তর্জাতিক যাত্রা

বাংলাদেশের ব্যাংকিং খাতের অন্যতম বড় চ্যালেঞ্জ হলো খেলাপি ঋণ বা নন-পারফর্মিং লোন (এনপিএল)। এটি কেবল ব্যাংকের ব্যালান্সশিটের কোনো সংখ্যা নয়; বরং ব্যাংকের মুনাফা, তারল্য, মূলধন সক্ষমতা এবং দেশের সামগ্রিক বিনিয়োগ ও কর্মসংস্থানের সাথে ওতপ্রোতভাবে জড়িত। ২০২৬ সালের অক্টোবরে শ্রীলঙ্কার ইউনিভার্সিটি অব রুহুনার ফ্যাকাল্টি অব ম্যানেজমেন্ট অ্যান্ড ফিন্যান্স আয়োজিত ১৫তম আন্তর্জাতিক ব্যবস্থাপনা ও অর্থনীতি সম্মেলন (আইসিএমই)-এ […] The post খেলাপি ঋণ গবেষণায় আন্তর্জাতিক যাত্রা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

খেলাপি ঋণ গবেষণায় আন্তর্জাতিক যাত্রা
৯ নভেম্বর, ২০২৬ ১৬:০০  

বাংলাদেশের ব্যাংকিং খাতের অন্যতম বড় চ্যালেঞ্জ হলো খেলাপি ঋণ বা নন-পারফর্মিং লোন (এনপিএল)। এটি কেবল ব্যাংকের ব্যালান্সশিটের কোনো সংখ্যা নয়; বরং ব্যাংকের মুনাফা, তারল্য, মূলধন সক্ষমতা এবং দেশের সামগ্রিক বিনিয়োগ ও কর্মসংস্থানের সাথে ওতপ্রোতভাবে জড়িত।

২০২৬ সালের অক্টোবরে শ্রীলঙ্কার ইউনিভার্সিটি অব রুহুনার ফ্যাকাল্টি অব ম্যানেজমেন্ট অ্যান্ড ফিন্যান্স আয়োজিত ১৫তম আন্তর্জাতিক ব্যবস্থাপনা ও অর্থনীতি সম্মেলন (আইসিএমই)-এ বাংলাদেশের ব্যাংকিং খাতের খেলাপি ঋণ সমাধান বিষয়ক একটি গবেষণাপত্র উপস্থাপন করি। গবেষণার বিষয়বস্তু ছিল ‘Post-Financial Crisis Success: NPL Resolution Strategies Adopted by Commercial Banks’। আর এই গবেষণায় সুপারভাইজার হিসেবে ছিলেন প্রফেসর ড. মোহাম্মদ জহির রায়হান এবং কো-সুপারভাইজার প্রফেসর ড. মোহাম্মদ আবুল কালাম আজাদ। সুপারভাইজার প্রফেসর ড. মোহাম্মদ জহির রায়হান স্যারের সঙ্গে আন্তর্জাতিক এই সম্মেলনে বাংলাদেশের ব্যাংকিং খাতের খেলাপি ঋণ সমাধান নিয়ে গবেষণাপত্র উপস্থাপনের সুযোগ হয়। গবেষণার মূল বিষয় ছিল- ঋণ খেলাপি হওয়ার পর ব্যাংক কীভাবে তা পুনর্গঠন প্রাতিষ্ঠানিক সহায়তা ও ঋণগ্রহীতার বাস্তব পরিস্থিতির ওপর ভিত্তি করে কার্যকরভাবে পুনরুদ্ধার করতে পারে।

শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলের ওয়েলিগামা বে ম্যারিয়ট রিসোর্ট অ্যান্ড স্পা-তে ইউনিভার্সিটি অব রুহুনার ফ্যাকাল্টি অব ম্যানেজমেন্ট অ্যান্ড ফিন্যান্স আয়োজিত সম্মেলনে এবারের প্রতিপাদ্য ছিল ‘Management for Good: Thriving Through Disruption’। এই আয়োজনটি ছিল বিভিন্ন দেশের গবেষক, শিক্ষক, পেশাজীবী এবং সেন্ট্রাল ব্যাংক অব শ্রীলঙ্কার শীর্ষ কর্মকর্তাদের এক মিলনমেলা।

গবেষণার মূল প্রশ্ন ও নির্ধারিত বিষয়সমূহ:

গবেষণাটি শুধুমাত্র ‘কত খেলাপি ঋণ আছে’ এই প্রশ্নে সীমাবদ্ধ না রেখে তিনটে মৌলিক বিষয় সামনে এনেছে- কেন খেলাপি ঋণ তৈরি হচ্ছে, কীভাবে তা ঠেকানো যায় এবং বিদ্যমান খেলাপি ঋণ কীভাবে কার্যকর ও টেকসইভাবে সমাধান করা যায়। এতে বিশেষ গুরুত্ব পাওয়া বিষয়গুলো হলো- ঋণ পুনর্গঠন, ব্যাংকের সাংগঠনিক সক্ষমতা, প্রাতিষ্ঠানিক সহায়তা, ঋণগ্রহীতার বাস্তব পরিস্থিতিভিত্তিক সমাধান কৌশল। তবে গবেষণার সীমাবদ্ধতা ও জটিলতার মধ্যে আছে তথ্যের প্রাপ্যতা ও ধারাবাহিকতার অভাব, পুনঃতফসিল ও অবলোপনের কারণে প্রকৃত ঋণঝুঁকি প্রকাশ না পাওয়া এবং কারিগরি বা ইকোনোমেট্রিক জটিলতা।

খেলাপি ঋণ গবেষণার বিশাল ক্ষেত্র ও চ্যালেঞ্জসমূহ:

গবেষণার পরিধি: বাংলাদেশে খেলাপি ঋণ নিয়ে গবেষণার পরিসর অনেক বড়। একে শুধু NPL অনুপাত বা সম্পদমানের সূচক হিসেবে দেখলে সমস্যার সামান্য অংশই ধরা পড়ে। এর পেছনে কাজ করে ঋণগ্রহীতার আচরণ, ঋণ মূল্যায়ন, করপোরেট সুশাসন, ঋণ তদারকি, আদায় ব্যবস্থা, আইনি পরিবেশ, সামষ্টিক অর্থনীতি ও নিয়ন্ত্রক নীতি-পরস্পর জড়িত বহু বিষয়। ভবিষ্যতে রাষ্ট্রায়ত্ত, বেসরকারি ও বিদেশি ব্যাংকের আচরণ ভিন্ন কি না বা দীর্ঘমেয়াদে ঋণ পুনঃতফসিল ও অবলোপনের ভূমিকা কেমন- তা খতিয়ে দেখা দরকার। বিশেষ গুরুত্ব পাওয়া উচিত ঋণগ্রহীতাভিত্তিক সমাধান কৌশল। সাময়িক নগদপ্রবাহ সংকটে পড়া কিন্তু মৌলিকভাবে টেকসই ব্যবসা আর ইচ্ছাকৃত খেলাপি-দুজনকে একই মাপকাঠিতে বিচার করলে কাঙ্ক্ষিত ফল আসবে না।

তথ্যগত চ্যালেঞ্জ: বাংলাদেশে খেলাপি ঋণ গবেষণার অন্যতম বড় সীমাবদ্ধতা তথ্যের প্রাপ্যতা ও সামঞ্জস্য। বার্ষিক প্রতিবেদন ও নিয়ন্ত্রক প্রকাশনা থেকে অনেক তথ্য মেলে। কিন্তু দীর্ঘ সময় ধরে একই সংজ্ঞা ও একই ভিত্তিতে সব চলকের তথ্য পাওয়া সহজ নয়। আরেকটি সমস্যা হলো প্রতিবেদিত খেলাপি ঋণ আর প্রকৃত ঋণঝুঁকির সম্ভাব্য ফারাক। পুনঃতফসিল, পুনর্গঠন, অবলোপন কিংবা নিয়ন্ত্রক ছাড়ের কারণে শুধু NPL অনুপাত দিয়ে কোনো ব্যাংকের ঋণমানের পূর্ণ চিত্র পাওয়া যায় না। ঋণগ্রহীতা পর্যায়ের গোপনীয় তথ্য সহজলভ্য না হওয়ায় গবেষককে ব্যাংক পর্যায়ের প্রকাশ্য তথ্যের ওপর নির্ভর করতে হয়। ফলে ঋণগ্রহীতার আচরণ, জামানতের মান, আদায় প্রচেষ্টা কিংবা একেকটি ঋণ খেলাপি হওয়ার গতিপ্রকৃতি বিশ্লেষণে আনা কঠিন হয়ে পড়ে।

কারিগরি ও ইকোনোমেট্রিক জটিলতা: খেলাপি ঋণ গবেষণার সবচেয়ে আকর্ষণীয় এবং একই সঙ্গে জটিল জায়গা এর কারিগরি দিক। প্রথম সমস্যা এন্ডোজেনেইটি: উচ্চ খেলাপি ঋণ মুনাফা কমাতে পারে, আবার দুর্বল মুনাফা বা দুর্বল ব্যবস্থাপনা ভবিষ্যতে খেলাপি ঋণ বাড়াতে পারে। কোনটি কারণ আর কোনটি ফল, তা নির্ণয় করা সহজ নয়। দ্বিতীয়ত, প্রতিটি ব্যাংকের ব্যবসার ধরন, ঝুঁকি নেওয়ার প্রবণতা, সুশাসন, গ্রাহকভিত্তি ও ব্যবস্থাপনার মান আলাদা। তৃতীয়ত, খেলাপি ঋণ একটি গতিশীল বিষয়-অতীতের খেলাপি ঋণ বর্তমানের খেলাপি ঋণ ও মুনাফাকে প্রভাবিত করে। এ কারণে প্রয়োজন অনুযায়ী ফিক্সড ইফেক্টস, র‍্যান্ডম ইফেক্টস ও ডায়নামিক প্যানেল বা সিস্টেম জিএমএম-এর মতো পদ্ধতি বিবেচনা করা জরুরি।

নিয়ন্ত্রক নীতিকে মডেলে যথাযথভাবে পরিমাপ করাও কঠিন। একটি প্রজ্ঞাপন জারি হয়েছে কি না, শুধু ডামি চলক দিয়ে তা মাপলে এর বাস্তবায়নের মাত্রা বা কার্যকারিতা ধরা পড়ে না। পাশাপাশি মাল্টিকলিনিয়ারিটি, হেটেরোস্কেডাস্টিসিটি, অটোকরিলেশন, ক্রস-সেকশনাল ডিপেনডেন্স, স্টেশনারিটি ও ফলাফলের দৃঢ়তা যাচাই করাও প্রয়োজন।

গবেষণা থেকে নীতিনির্ধারণে:

বাংলাদেশের খেলাপি ঋণ গবেষণাকে তাই ‘বাড়ল না কমল’- এই আলোচনায় আটকে রাখলে চলবে না। প্রশ্ন যেতে হবে আরও গভীরে- কেন খেলাপি ঋণ তৈরি হচ্ছে, কোন ঋণ আদায়যোগ্য, কোন সমাধান কৌশল সবচেয়ে কার্যকর, নিয়ন্ত্রক নীতি সেই সম্পর্ক কীভাবে বদলাচ্ছে, আর শেষ পর্যন্ত এটি ব্যাংকের মুনাফা ও দেশের আর্থিক স্থিতিশীলতাকে কীভাবে প্রভাবিত করছে। এসব প্রশ্নের উত্তর পেতে ব্যাংকারদের মাঠের অভিজ্ঞতা, নিয়ন্ত্রক সংস্থার তথ্য এবং বিশ্ববিদ্যালয়ের কঠোর গবেষণার মধ্যে আরও শক্ত সেতুবন্ধন দরকার।

আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রীক অভিজ্ঞতা ও শিক্ষা:

শ্রীলঙ্কার অভিজ্ঞতা: শ্রীলঙ্কার সাম্প্রতিক অর্থনৈতিক সংকট ও মূল্যস্ফীতির পটভূমি থেকে এটি স্পষ্ট যে, ব্যাংকিং স্থিতিশীলতা, বৈদেশিক মুদ্রার তারল্য, রাজস্ব ব্যবস্থাপনা ও প্রকৃত অর্থনীতি পরস্পর বিচ্ছিন্ন নয়। ঋণ নিয়ে উন্নয়ন তখনই টেকসই হয় যখন তা পর্যাপ্ত উৎপাদন ও আয় তৈরি করতে পারে।

মালদ্বীপের অভিজ্ঞতা: সম্মেলন শেষে মালদ্বীপের পর্যটননির্ভর অর্থনীতি থেকে দেখা যায়, ছোট দেশগুলোও তাদের প্রাকৃতিক সৌন্দর্য ও তুলনামূলক সুবিধাকে উচ্চমূল্যের পর্যটনসেবা, সি-প্লেন ট্রান্সফার, রিসোর্ট এবং পূর্ণাঙ্গ লজিস্টিকস ব্যবস্থার মাধ্যমে বিশ্বমানের ব্র্যান্ডে রূপান্তর করতে পারে। বাংলাদেশের প্রাকৃতিক ও ঐতিহাসিক সম্পদকে কাজে লাগাতে প্রয়োজন পরিকল্পিত অবকাঠামো ও ব্র্যান্ডিং।

সার্বিক শিক্ষা: শ্রীলঙ্কার ঋণ ব্যবস্থাপনা ও সামষ্টিক শৃঙ্খলা, মালদ্বীপের ব্র্যান্ডিং ও তুলনামূলক সুবিধার ব্যবহার এবং খেলাপি ঋণ গবেষণার মাধ্যমে ঝুঁকি আগে ভাগে শনাক্ত করা- সব মিলিয়ে টেকসই উন্নয়নে সুশাসন ও উৎপাদনশীলতার সমন্বয় অপরিহার্য।

বিশেষজ্ঞরা যা বলছেন:

উপস্থাপনার পর সেমিনার কমিটি গবেষণাটিকে আরও সুনির্দিষ্ট ও পদ্ধতিগতভাবে মজবুত করতে দুটি গুরুত্বপূর্ণ পরামর্শ দেয়। প্রথমত, তাত্ত্বিক কাঠামোয় একাধিক তত্ত্ব না রেখে গবেষণার প্রশ্ন ও চলকের সঙ্গে সবচেয়ে সামঞ্জস্যপূর্ণ একটি প্রধান তত্ত্ব বেছে নিয়ে গভীরভাবে ব্যবহার করা, যাতে তত্ত্ব, হাইপোথিসিস, চলক ও ফলাফলের সম্পর্ক আরও সুসংহত হয়। দ্বিতীয়ত, নমুনা নির্বাচনের মানদণ্ড আরও স্পষ্ট ও প্রতিনিধিত্বশীল করা; কোন ব্যাংক নমুনায় থাকবে, কেন থাকবে, অন্তর্ভুক্তি ও বর্জনের মানদণ্ড কী, এবং ব্যাংকের আকার ও মালিকানা কাঠামোর যৌক্তিকতা বিস্তারিত তুলে ধরা।

পরিশেষে, সফল উপস্থাপনার পর পাওয়া সনদ অবশ্যই আনন্দের। তবে আমার কাছে বড় অর্জন ছিল বাংলাদেশের ব্যাংকিং খাতের একটি গুরুত্বপূর্ণ সমস্যাকে আন্তর্জাতিক গবেষণা আলোচনায় তুলে ধরতে পারা। আন্তর্জাতিক সম্মেলন গবেষককে প্রশ্নের মুখোমুখি হতে শেখায়, নিজের সীমাবদ্ধতা বুঝতে সাহায্য করে, পরবর্তী গবেষণার পথ দেখায়। তাই আইসিএমই-২০২৬ আমার কাছে কোনো সমাপ্তি নয়; বরং আরও বড় ও গভীর গবেষণার সূচনা।

লেখক: মোহাম্মদ কামাল উদ্দিন (ভাইস প্রেসিডেন্ট, প্রাইম ব্যাংক) ও প্রফেসর ড. মোহাম্মদ জহির রায়হান (বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)

The post খেলাপি ঋণ গবেষণায় আন্তর্জাতিক যাত্রা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.