‘বিডি ফার্মমেট-এআই’ অ্যাপ তৈরি করলেন বাকৃবির গবেষকেরা

‘বিডি ফার্মমেট-এআই’ অ্যাপ  তৈরি করলেন বাকৃবির গবেষকেরা
২২ মে, ২০২৬ ০০:৪৪  

কৃষকদের সেচ, সার প্রয়োগ, বালাইনাশক ব্যবহার ও পোকামাকড় দমনসহ কৃষিকাজের নানা সমস্যা সমাধানে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কৃষি অ্যাপ তৈরি করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) একদল গবেষক। ‘বিডি ফার্মমেট-এআই’ নামে এই অ্যাপটি কৃষকদের জন্য সমন্বিত ডিজিটাল সেবা প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ‘কম্পিউটার ও সফটওয়্যার প্রকৌশল উচ্চশিক্ষা উন্নয়ন প্রকল্প’-এর আওতায় দুই বছর মেয়াদি এ উদ্যোগ নেওয়া হয়েছে। গবেষকেরা জানান, প্রকল্পের আওতায় পূর্ণাঙ্গ অ্যান্ড্রয়েড ও ওয়েবভিত্তিক এআই প্ল্যাটফর্ম তৈরি করা হবে।

গবেষকদের মতে, বর্তমানে কৃষি খাতে এমন কোনো সমন্বিত প্ল্যাটফর্ম নেই, যেখানে কৃষক, ব্যবসায়ী, সেবাদাতা ও সংশ্লিষ্ট পক্ষগুলো একসঙ্গে যুক্ত থাকতে পারবেন। ফলে কৃষকেরা সময়মতো প্রয়োজনীয় তথ্য ও সেবা পান না।

প্রকল্পের প্রধান গবেষক বাকৃবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স বিভাগের অধ্যাপক ড. মো. রাকিব হাসান বলেন, একটি সমন্বিত প্ল্যাটফর্ম তৈরির মাধ্যমে কৃষকের কাছে সহজে সব তথ্য ও সেবা পৌঁছে দেওয়াই তাদের লক্ষ্য। এতে ফার্ম ব্যবস্থাপনা, বাজার পরিস্থিতি, আবহাওয়া, রোগবালাই ও বালাইনাশক সম্পর্কিত তথ্য পাওয়া যাবে।

তিনি বলেন, কৃষকরা অনেক সময় ভালো ফলন পেলেও সঠিক বাজারসংযোগের অভাবে ক্ষতিগ্রস্ত হন। পাশাপাশি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সীমিত জনবল সব কৃষকের কাছে পৌঁছাতে পারে না। এই প্ল্যাটফর্ম কৃষকদের সঙ্গে সরাসরি যোগাযোগ তৈরি করবে এবং কৃষিখাতের তথ্য ঘাটতি কমাবে।

অ্যাপটির ‘প্যাডি ক্যালেন্ডার’ ফিচার কৃষকদের সময়ভিত্তিক করণীয় সম্পর্কে স্বয়ংক্রিয় সতর্কবার্তা দেবে। কখন সেচ, সার প্রয়োগ বা ফসল কাটতে হবে, এমনকি আবহাওয়ার পরিবর্তনের তথ্যও জানাবে এআই সিস্টেম। এছাড়া ‘ফটো ডাক্তার’ ফিচারে আক্রান্ত ফসলের ছবি আপলোড করলে রোগ শনাক্ত করে প্রয়োজনীয় ওষুধ ও ডোজ সম্পর্কে পরামর্শ দেবে।

প্রকল্পের সহযোগী গবেষক হিসেবে রয়েছেন সহযোগী অধ্যাপক ড. মেছবাহ উদ্দিন, কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের অধ্যাপক ড. মো. রোস্তম আলী এবং দক্ষিণ কোরিয়ার সিউল ন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ড. হাক জিন কিম।

রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট গ্রান্টের অর্থায়নে পরিচালিত এ প্রকল্পের কার্যক্রম চলতি বছরের ২০ জানুয়ারি শুরু হয়েছে। এটি ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে।

সম্প্রতি প্রকল্পের আওতায় ধানচাষিদের নিয়ে উদ্বোধনী কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বাকৃবির উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড. জি এম মুজিবর রহমান, কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স বিভাগের প্রধান মো. সাইদ ইফতেখার ইউসুফসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও ময়মনসিংহ অঞ্চলের ধানচাষিরা।

৥ ডিবিটেক/এডি/এমইউআইএম