মেডিকেল-ডেন্টালে ভর্তিচ্ছুদের প্রবেশপত্র ডাউনলোড শুরু

মেডিকেল-ডেন্টালে ভর্তিচ্ছুদের প্রবেশপত্র ডাউনলোড শুরু
৭ ডিসেম্বর, ২০২৫ ১১:৩৪  

সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে। ৭ ডিসেম্বর রবিবার থেকে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা প্রবেশপত্র ডাউনলোড করতে পারছেন। প্রবেশপত্র ডাউনলোডের শেষ তারিখ ৯ ডিসেম্বর। ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে গিয়ে ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। একইভাবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এবং স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে হতে পরীক্ষার ফলাফল জানা যাবে।

৯ থেকে ১০ ডিসেম্বর (মঙ্গলবার-বুধবার) আবেদনকারী শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়ার হাজিরা সিট ডাউনলোড করতে পারবেন। ভর্তি পরীক্ষা আগামী ১২ ডিসেম্বর (শুক্রবার) সকাল ১০টা থেকে বেলা ১১টা ১৫ মিনিট পর্যন্ত চলবে।

পরিক্ষার্থীদের জন্য দেয়া নির্দেশনায় বলা হয়েছে-  পরীক্ষার হলে সেলফোন, কোনো ধরনের ডিজিটাল ডিভাইস, ক্যালকুলেটর, হাতঘড়ি বা পকেট ঘড়ি নিয়ে প্রবেশ করা যাবে না। শুধুমাত্র বল পয়েন্ট কলম ও রঙিন প্রবেশপত্র এবং এইচএসসি/সমমান পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন পরীক্ষার্থীরা।

সরকারি মেডিকেল কলেজ/ডেন্টাল কলেজ/ইউনিটগুলোতে ভর্তির জন্য সাধারণ আসন এবং সংরক্ষিত আসনগুলোতে প্রার্থীর জাতীয় মেধা ও পছন্দক্রম অনুসারে আসন বণ্টন করা হবে। সংরক্ষিত আসনগুলো ও নিজ নিজ শ্রেণির দাবিদারদের মধ্য হতে মেধার ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হবে। নির্বাচিত প্রার্থীর অর্জিত মেধাক্রম এবং কলেজ পছন্দের ভিত্তিতে প্রার্থী কোনো কলেজে ভর্তি হবেন, তা স্বয়ংক্রিয় পদ্ধতিতে নির্ধারণ করা হবে।

ডিবিটেক/ডিজিএমই/ইকে