ডিইপিজেডে সংরক্ষণ সক্ষমতা পাঁচগুণ

অ্যাভেরি ডেনিসনের স্মার্ট ওয়্যারহাউসে গতি বাড়ল ৭২%

  • সাভারের ডিইপিজেডে ৮৩০ বর্গমিটারের স্মার্ট ওয়্যারহাউস চালু করেছে প্রতিষ্ঠানটি
  • সাতটি স্বয়ংক্রিয় যানবাহনে ২৫ হাজার কার্টন সংরক্ষণের সক্ষমতা
  • অপটিকা, এম্বেলেক্স ও রেডিডিপিপির প্রযুক্তি তুলে ধরা হয়েছে ইউএস ট্রেড শোতে

অ্যাভেরি ডেনিসনের স্মার্ট ওয়্যারহাউসে গতি বাড়ল ৭২%
৭ নভেম্বর, ২০২৬ ১৭:৩২  

বাংলাদেশের পোশাকশিল্পে বিনিয়োগ ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে উৎপাদন, গুদাম ব্যবস্থাপনা এবং ডিজিটাল পণ্য শনাক্তকরণ প্রযুক্তি সম্প্রসারণ করছে বৈশ্বিক ম্যাটেরিয়াল সায়েন্স ও ডিজিটাল আইডেন্টিফিকেশন সলিউশন প্রতিষ্ঠান অ্যাভেরি ডেনিসন। সাভারের ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ডিইপিজেড) প্রতিষ্ঠানটির চালু করা স্মার্ট ওয়্যারহাউসে পণ্য প্রক্রিয়াকরণের গতি আগের তুলনায় ৭২ শতাংশ এবং সংরক্ষণ সক্ষমতা পাঁচগুণ বেড়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ঢাকার পাশাপাশি চট্টগ্রামে তিনটি উৎপাদনকেন্দ্র পরিচালনা করছে অ্যাভেরি ডেনিসন। সম্প্রতি সাভারের ডিইপিজেডে ৮৩০ বর্গমিটার আয়তনের স্মার্ট ওয়্যারহাউসটি চালু করা হয়। এতে রয়েছে সাতটি অটোমেটেড গাইডেড ভেহিকল (এজিভি)—স্বয়ংক্রিয়ভাবে চলাচলকারী পণ্য পরিবহনযান—এবং ২৫ হাজার কার্টন সংরক্ষণের সক্ষমতা।

প্রতিষ্ঠানটির দাবি, নতুন ব্যবস্থায় পণ্য প্রক্রিয়াকরণের গতি ৭২ শতাংশ বেড়েছে এবং সংরক্ষণ সক্ষমতা আগের তুলনায় পাঁচগুণ হয়েছে। ম্যানুফ্যাকচারিং ৪.০ কৌশল বাস্তবায়নের অংশ হিসেবে এ ওয়্যারহাউস চালু করা হয়েছে। স্বয়ংক্রিয় প্রযুক্তির মাধ্যমে পণ্য সংরক্ষণ, ব্যবস্থাপনা ও সরবরাহ কার্যক্রম আরও দ্রুত ও দক্ষ করাই এর লক্ষ্য।

৫ থেকে ৭ নভেম্বর রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচ্যাম) আয়োজিত ৩০তম ইউএস ট্রেড শোতে এসব বিনিয়োগ ও প্রযুক্তি কার্যক্রম তুলে ধরে প্রতিষ্ঠানটি।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের ৩০ বছর পূর্তি উপলক্ষে অ্যামচ্যাম ও ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস যৌথভাবে এ প্রদর্শনীর আয়োজন করে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।

ট্রেড শোতে অ্যাভেরি ডেনিসন পোশাকশিল্পের জন্য তাদের এম্বেলেক্স, অপটিকা ও রেডিডিপিপি প্রযুক্তি প্রদর্শন করে।

এম্বেলেক্সের মাধ্যমে আন্তর্জাতিক স্পোর্টস, লাইফস্টাইল, ওয়ার্কওয়্যার ও ফ্যাশন ব্র্যান্ডের জন্য পোশাকের অলংকরণ, সজ্জা এবং ব্র্যান্ডিং-সংক্রান্ত সমন্বিত সেবা দেওয়া হয়।

অপটিকা প্রযুক্তি উৎপাদন ও সরবরাহ ব্যবস্থার বিভিন্ন ধাপে ডিজিটাল সংযোগ তৈরি করে। এর মাধ্যমে পণ্যের অবস্থান, উৎপাদনের অগ্রগতি এবং সরবরাহ ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করা যায়।

অন্যদিকে, রেডিডিপিপি ও কনজ্যুমার এনগেজমেন্ট সলিউশনে কিউআর কোড, নিয়ার ফিল্ড কমিউনিকেশন (এনএফসি) এবং রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (আরএফআইডি) প্রযুক্তি ব্যবহার করে পোশাকপণ্যের সঙ্গে ডিজিটাল তথ্য যুক্ত করা হয়। এতে ক্রেতারা পণ্যের উৎপাদন, উপাদান ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য জানতে পারেন। একই সঙ্গে আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর ডিজিটাল পণ্য পাসপোর্ট ব্যবস্থাপনা এবং টেকসই উৎপাদন কার্যক্রমেও এসব প্রযুক্তি সহায়তা করে।

অ্যাভেরি ডেনিসনের অ্যাপারেল সলিউশন্সের বাংলাদেশ ও শ্রীলঙ্কার জেনারেল ম্যানেজার সাজ্জাদ হোসেন বলেন, বিশ্বের পোশাক সরবরাহ ব্যবস্থায় দ্রুততা, স্বচ্ছতা ও টেকসই উদ্ভাবনের চাহিদা বাড়ছে। বাংলাদেশের পোশাক ও বস্ত্রশিল্পের সঙ্গে যৌথভাবে এগিয়ে যেতে অ্যাভেরি ডেনিসন প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, ধারাবাহিক বিনিয়োগ, আধুনিক সরবরাহ ব্যবস্থাপনা ও ডিজিটাল প্রযুক্তির সমন্বয়ের মাধ্যমে স্থানীয় উৎপাদনকারী এবং আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর জন্য দীর্ঘমেয়াদি মূল্য সংযোজন করতে চায় প্রতিষ্ঠানটি।

//ডিবিটেক/জেএনএসপি/এসএমপি/এমআইএসটি//