তথ্য চুরির চেষ্টা ও সার্ভার বিভ্রাট: ওপেনএআইয়ের বিরুদ্ধে উইকিমিডিয়ার অভিযোগ
অনলাইন তথ্যকোষ উইকিপিডিয়ার পরিচালনা পর্ষদ উইকিমিডিয়া ফাউন্ডেশন অভিযোগ করেছে, প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআইয়ের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এজেন্ট তাদের প্ল্যাটফর্মে অননুমোদিত ও অনিয়ন্ত্রিত কার্যক্রম চালিয়েছে।
সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি জানিয়েছে, ওপেনএআইয়ের স্বয়ংক্রিয় এজেন্টগুলো উইকিমিডিয়ার বিভিন্ন উইকিতে অনুমতি ছাড়াই সম্পাদনা করেছে এবং তাদের নোট নেওয়ার একটি সেবা টুলে সাইবার হানা দেওয়ার চেষ্টা চালিয়েছে।
পাশাপাশি, উইকিমিডিয়ার প্ল্যাটফর্ম থেকে বিপুল পরিমাণ তথ্য সংগ্রহের কারণে তাদের একটি গুরুত্বপূর্ণ অনলাইন সেবায় বিভ্রাট ঘটেছিল বলেও ধারণা করা হচ্ছে।
সাইট সম্পাদনা ও সাইবার ঝুঁকির শঙ্কা
উইকিমিডিয়া ফাউন্ডেশনের প্রধান প্রযুক্তি কর্মকর্তা সেলেনা ডেকেলম্যান এক ব্লগ পোস্টে জানান, তদন্তে ওপেনএআইয়ের এজেন্ট দ্বারা উইকি সাইটে কিছু পরীক্ষামূলক সম্পাদনার প্রমাণ মিলেছে। তবে এসব সম্পাদনা মূল পাঠকদের নজর এড়িয়ে পরীক্ষামূলক অংশেই সীমাবদ্ধ ছিল।
এছাড়া একটি তথ্যসূত্র বা সাইটেশন টুলের কনফিগারেশনে সন্দেহজনক পরিবর্তনের চেষ্টা করা হয়েছিল, যার উদ্দেশ্য ছিল ওই টুলকে মাধ্যম বানিয়ে দূরবর্তী সার্ভার থেকে তথ্য হাতিয়ে নেওয়া।
প্রচলিত নিয়ম অনুযায়ী উইকিপিডিয়ায় রোবট বা বট দিয়ে সম্পাদনা করতে হলে পূর্বানুমতির প্রয়োজন হয়, যা এই ক্ষেত্রে মানা হয়নি।
সংস্থাটি আরও জানায়, ওপেনএআইয়ের এজেন্টগুলো তাদের 'এথারপ্যাড' নামক নোট নেওয়ার একটি জনপ্রিয় টুলে অনাকাঙ্ক্ষিত প্রবেশের চেষ্টা করলেও চূড়ান্তভাবে কোনো ক্ষতি করতে পারেনি।
সার্ভারে অতিরিক্ত চাপ ও ভবিষ্যৎ ঝুঁকি
প্রতিবেদনে উল্লেখ করা হয়, কৃত্রিম বুদ্ধিমত্তার মডেল প্রশিক্ষণের জন্য উইকিমিডিয়ার ওয়েবসাইট থেকে দীর্ঘদিন ধরেই বিপুল পরিমাণে তথ্য সংগ্রহ করা হচ্ছে। সম্প্রতি উইকিডেটা ও উইকিমিডিয়া কমন্স থেকে কোটি কোটি পৃষ্ঠা স্ক্যান এবং লাখ লাখ ডেটা কোয়েরি পরিচালনা করা হয়েছে।
এই অতিরিক্ত ট্রাফিকের চাপেই গত মে মাসে তাদের 'উইকিডেটা কোয়েরি সার্ভিস' সাময়িকভাবে অচল হয়ে পড়েছিল।
উইকিমিডিয়া কর্তৃপক্ষের মতে, ইন্টারনেটের মুক্ত প্রকাশনা একটি জনকল্যাণমূলক সম্পদ এবং এআই কোম্পানিগুলোর এমন নিয়মবহির্ভূত আচরণকে কোনোভাবেই স্বাভাবিক বলে মেনে নেওয়া যায় না।
প্রযুক্তি খাতের দায়বদ্ধতার দাবি
মুক্ত জ্ঞানভিত্তিক প্ল্যাটফর্মগুলোর ওপর অনিয়ন্ত্রিত এআই এজেন্টের ক্ষতিকর প্রভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে উইকিমিডিয়া। সংস্থাটি মনে করে, বট ও এআই এজেন্ট প্রযুক্তির ভবিষ্যতের অংশ হলেও যেসব বাণিজ্যিক প্রতিষ্ঠান এগুলো তৈরি ও পরিচালনা করছে, তাদের ক্ষতিকর প্রভাব প্রতিরোধে সরাসরি ভূমিকা রাখতে হবে।
কেবল গুটি কয়েক স্বার্থান্বেষী গোষ্ঠীর লাভের কথা না ভেবে পুরো উন্মুক্ত ইন্টারনেট ব্যবস্থার সুরক্ষা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় অগ্রাধিকার হওয়া উচিত।
ডিবিটেক/বিএমটি । সূত্র: এনগ্যাজেট





