এআই প্রবৃদ্ধিতে চাঙ্গা ফক্সকন, তৃতীয় ত্রৈমাসিকে আয় ৪৭ শতাংশ বৃদ্ধি

এআই প্রবৃদ্ধিতে চাঙ্গা ফক্সকন, তৃতীয় ত্রৈমাসিকে আয় ৪৭ শতাংশ বৃদ্ধি
৬ অক্টোবর, ২০২৬ ০৯:২৮  

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অভূতপূর্ব চাহিদার ওপর ভর করে চলতি বছরের তৃতীয় ত্রৈমাসিকে রাজস্ব আয়ে বড় ধরনের প্রবৃদ্ধি অর্জন করেছে বিশ্বের সর্ববৃহৎ চুক্তিভিত্তিক ইলেকট্রনিক্স পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ফক্সকন। 

তাইওয়ানের এই শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের দেওয়া তথ্য অনুযায়ী, গত জুলাই থেকে সেপ্টেম্বর ত্রৈমাসিকে তাদের রাজস্ব আগের বছরের একই সময়ের তুলনায় ৪৭ শতাংশ বেড়ে ৩ লাখ ৩ হাজার কোটি তাইওয়ানিজ ডলারে (প্রায় ৯ হাজার ৫৪০ কোটি মার্কিন ডলার) পৌঁছেছে। 

বাজার বিশ্লেষকদের সব পূর্বাভাস ছাড়িয়ে যাওয়ার ক্ষেত্রে মূল ভূমিকা রেখেছে এআই সার্ভার ও সংশ্লিষ্ট অবকাঠামোগত যন্ত্রাংশের অভাবনীয় চাহিদা। 

এক মাসে রেকর্ড আয় ও আইফোনের বিক্রি
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের তথ্যানুসারে, একক মাস হিসেবে চলতি বছরের সেপ্টেম্বর মাসে ফক্সকনের আয় আগের বছরের একই সময়ের চেয়ে ৩৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ লাখ ১৬ হাজার কোটি তাইওয়ানিজ ডলারে দাঁড়িয়েছে। প্রতিষ্ঠানের ইতিহাসে কোনো একক মাসে রাজস্ব আয় ১ লাখ কোটি তাইওয়ানিজ ডলার অতিক্রম করার ঘটনা এটিই প্রথম। 

মূলত ফক্সকনের ক্লাউড ও নেটওয়ার্কিং পণ্য বিভাগের শক্তিশালী বিক্রির পাশাপাশি অ্যাপলের নতুন আইফোনসহ ভোক্তাভিত্তিক ইলেকট্রনিক্স পণ্যের বাজারের চাঙ্গা ভাব এই ঐতিহাসিক অর্জনে বিশেষ অবদান রেখেছে। 

পরবর্তী প্রবৃদ্ধি ও বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা
কাগজে-কলমে প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক নাম 'হন হাই প্রিসিশন ইন্ডাস্ট্রি' হলেও বিশ্বজুড়ে এটি ফক্সকন নামেই অধিক পরিচিত। বছরের চতুর্থ ত্রৈমাসিকেও এআই প্রযুক্তিভিত্তিক পণ্যের চাঙ্গা চাহিদা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। 

বছরের দ্বিতীয়ার্ধে ইলেকট্রনিক্স পণ্যের কেনাকাটার স্বাভাবিক মৌসুম হওয়ায় শেষ প্রান্তিকের সার্বিক পারফরম্যান্স প্রত্যাশা অনুযায়ী বজায় থাকবে বলে মনে করছে তারা। 

তবে এই ইতিবাচক সম্ভাবনার মাঝেও বিশ্ব রাজনীতির অস্থিতিশীলতা এবং বৈশ্বিক অর্থনীতির ওঠানামাকে সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণের প্রয়োজনীয়তার কথা স্মরণ করিয়ে দিয়েছে ফক্সকন কর্তৃপক্ষ। 

আগামী ১২ নভেম্বর প্রতিষ্ঠানটি তাদের আয়-ব্যয়ের চূড়ান্ত ও পূর্ণাঙ্গ আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।

ডিবিটেক/বিএমটি    ।    সূত্র: রয়টার্স