অর্ধশতাধিক সাংবাদিক অংশ নেন

কুমিল্লায় সাংবাদিকদের মাল্টিমিডিয়া প্রশিক্ষণ

  • উন্নত মাল্টিমিডিয়া সাংবাদিকতায় প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ পেলেন সাংবাদিকরা
  • কুমিল্লা জেলা ও বিভিন্ন উপজেলার অর্ধশতাধিক সাংবাদিক অংশ নেন
  • প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়

কুমিল্লায় সাংবাদিকদের মাল্টিমিডিয়া প্রশিক্ষণ
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ২২:৪১  

কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের উন্নত মাল্টিমিডিয়া সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে একাডেমি ফর প্রেস অ্যান্ড মিডিয়া ডেভেলপমেন্ট (এপিএমডি)। ডিজিটাল গণমাধ্যমে সংবাদ উপস্থাপনা ও মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরিতে সাংবাদিকদের প্রযুক্তিগত দক্ষতা বাড়ানোর লক্ষ্যে এ প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়।

২৫ সেপ্টেম্বর, শুক্রবার কুমিল্লা আইডিয়াল কলেজ অডিটোরিয়ামে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত সচিব মো. মাসুদ রানা চৌধুরী। প্রশিক্ষক হিসেবে ছিলেন দৈনিক ইত্তেফাকের মাল্টিমিডিয়া হেড মো. ফখরুল ইসলাম।

এপিএমডির সভাপতি মহিউদ্দিন মোল্লার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন এপিএমডির উপদেষ্টা সাংবাদিক খায়রুল আহসান মানিক, মোবারক হোসেন, আবু মুছা ও হাবিবুর রহমান চৌধুরী।

এপিএমডির উপদেষ্টা খালেদ সাইফুল্লাহর সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন কুমিল্লা আইডিয়াল কলেজের অধ্যক্ষ মহিউদ্দিন লিটন, বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির আইন বিভাগের শিক্ষক শামীম আহমেদ এবং ‘আলোকিত বজ্রপুর কুমিল্লা’র রফিকুল ইসলাম সোহেল।

সমাপনী পর্বে এপিএমডির সাধারণ সম্পাদক জাহিদ পাটোয়ারী ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

প্রশিক্ষণ কর্মশালায় কুমিল্লা জেলা ও বিভিন্ন উপজেলা থেকে অর্ধশতাধিক সাংবাদিক অংশ নেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।
//ডিবিটেক/বিএমও/এসএমই/এসএমপি//