এআইয়ের ছোঁয়ায় বদলে যাচ্ছে ইউটিউবের ভিডিও ও মিউজিক অভিজ্ঞতা
ভিডিও দেখার অভিজ্ঞতা আরও ব্যক্তিকেন্দ্রিক ও প্রযুক্তিবান্ধব করতে একাধিক নতুন ফিচারের ঘোষণা দিয়েছে ইউটিউব। প্রতিষ্ঠানের বার্ষিক ‘মেড বাই ইউটিউব’ সম্মেলনে জানানো হয়, এখন থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রম্পট ব্যবহার করে ব্যবহারকারীরা নিজেদের পছন্দ অনুযায়ী কাস্টম ভিডিও ফিড তৈরি করতে পারবেন। ফলে ফিটনেস, ডকুমেন্টারি কিংবা নির্দিষ্ট বিষয়ের কনটেন্ট সহজেই আলাদা ট্যাবে সাজিয়ে রাখা যাবে।
এ ছাড়া শর্টস ফরম্যাটে ধারাবাহিক পর্বভিত্তিক কনটেন্ট প্রকাশের সুবিধা যুক্ত করায় কনটেন্ট নির্মাতারা এখন থেকে ক্রমানুসারে ভিডিও সাজাতে পারবেন, যা মাইক্রোড্রামা বা স্বল্পদৈর্ঘ্য সিরিজপ্রেমীদের জন্য নতুন অভিজ্ঞতা তৈরি করবে।
কমেন্টে জিআইএফ ও ভয়েস ইনপুট
ব্যবহারকারীদের সামাজিক মিথস্ক্রিয়া বাড়াতে মোবাইল অ্যাপের কমেন্ট সেকশনে যুক্ত হচ্ছে সার্চযোগ্য জিআইএফ (GIF) লাইব্রেরি, যার মাধ্যমে কেবল লেখার বদলে বার্তা প্রকাশ করা যাবে অ্যানিমেটেড চিত্রে।
আর স্মার্ট টেলিভিশনের ক্ষেত্রে টেক্সট-টু-স্পিচ প্রযুক্তির সাহায্যে মুখে বলেই সরাসরি কমেন্ট পোস্ট করা যাবে।
পাশাপাশি ‘আস্ক ইউটিউব’ এবং শপিং ফিচারকে আরও শক্তিশালী করা হয়েছে, যার মাধ্যমে ভিডিওতে প্রদর্শিত বা পরা পোশাক ও পণ্যের দরদাম ও তুলনামূলক তথ্য চ্যাটবট থেকেই জেনে নেওয়া যাবে।
মিউজিক ও লাইভ ডাবিংয়ে নতুন প্রযুক্তি
ভিডিওর পাশাপাশি ইউটিউব মিউজিক ও পডকাস্ট সেবায় যুক্ত হচ্ছে 'আস্ক মিউজিক' ও 'পডকাস্ট লাইনআপ'-এর মতো জেন-এআই ফিচার। এর মাধ্যমে সংগীতশিল্পীদের তথ্য জানা বা সাপ্তাহিক পছন্দের পডকাস্টের স্বয়ংক্রিয় সংক্ষিপ্ত প্রিভিউ শোনা যাবে।
অন্যদিকে আন্তর্জাতিক ব্যবহারকারীদের জন্য ২০২৭ সালের শুরুতে সরাসরি ভিডিও সম্প্রচারের সময় রিয়েল-টাইম বা তাৎক্ষণিক স্বয়ংক্রিয় ডাবিং সুবিধা চালুর প্রাথমিক পরিকল্পনা করেছে প্ল্যাটফর্মটি।
এই নানামুখী প্রযুক্তিগত উন্নয়ন কনটেন্ট তৈরি, বিতরণ ও যোগাযোগের ক্ষেত্রে ইউটিউবের অবস্থানকে আরও সুদৃঢ় করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
ডিবিটেক/বিএমটি । সূত্র: এনগ্যাজেট





