ই-ভ্যাট পোর্টালের মাধ্যমে বাধ্যতামূলক দাখিলপত্র পেশের এনবিআর আদেশ জারি
মোবাইল ফোনসহ ১১ খাত এনবিআরের অনলাইন ভ্যাট রিটার্নের আওতায়
- মোবাইল ফোন, ব্যাংকিং ও ওষুধসহ ১১টি প্রধান খাতের জন্য ই-ভ্যাট পোর্টালের মাধ্যমে অনলাইনে রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক করেছে এনবিআর
- মূল পণ্যের পাশাপাশি সম্পর্কিত অন্য কোনো পণ্য বা সেবা সরবরাহ কার্যক্রমে জড়িত নিবন্ধিত ব্যক্তিদের ক্ষেত্রেও এই নতুন আদেশ প্রযোজ্য হবে
- পূর্ববর্তী এই সংক্রান্ত আদেশসমূহ বাতিল করে অবলম্বে কার্যকর করা হয়েছে নতুন এই এনবিআর আদেশ
মোবাইল ফোন এবং মোবাইল ব্যাংকিং সেবা খাতসহ মোট ১১টি খাতে ই-ভ্যাট পোর্টালের মাধ্যমে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করে নতুন আদেশ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ২০ সেপ্টেম্বর, রবিবার এনবিআরের ভ্যাট অনুবিভাগ শাখা থেকে জনস্বার্থে এই আদেশ জারি করা হয়।
অনলাইনে ভ্যাট রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক হওয়া ১১টি খাত হলো—সিগারেট, মোবাইল ফোন, এমএস পণ্য, ওষুধ, পানীয়, সিমেন্ট, টাইলস, রং ও বার্নিশ, বীমা, ব্যাংকিং ও নন-ব্যাংকিং সেবা প্রদানকারী খাত এবং মোবাইল ব্যাংকিং সেবা প্রদানকারী খাত।
এনবিআরের আদেশে উল্লেখ করা হয়, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর ধারা ৬৪ এর উপধারা (৫) এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা, ২০১৬ এর বিধি ১১৮(ক) এ প্রদত্ত ক্ষমতাবলে এসব খাতের পণ্য প্রস্তুতকারক এবং সেবা সরবরাহকারীদের জন্য এনবিআরের ই-ভ্যাট পোর্টালের (eVAT Portal) মাধ্যমে অনলাইনে দাখিলপত্র জমা বাধ্যতামূলক করা হলো। কোনো নিবন্ধিত প্রতিষ্ঠান উল্লিখিত পণ্য বা সেবার পাশাপাশি অন্য কোনো পণ্য বা সেবা কার্যক্রম পরিচালনা করলেও তাদের ক্ষেত্রেও এই আদেশ কার্যকর হবে।
আদেশে আরও বলা হয়, এনবিআর অনলাইনে দাখিলপত্র পেশ বাধ্যতামূলক করার ক্ষেত্রে ইতোপূর্বে জারি করা সকল আদেশ বাতিল বলে গণ্য হবে এবং এনবিআর যেকোনো সময় এই তালিকায় খাত সংযোজন বা বিয়োজনের ক্ষমতা সংরক্ষণ করে। আদেশটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
//ডিবিটেক/এসএমই/এমআইএস//





