ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে স্বীকৃতি পেল ৮৯ ক্যাম্পেইন

রাজধানীর লা মেরিডিয়ান ঢাকায় অনুষ্ঠিত ৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে ২৬টি ক্যাটাগরিতে ৮৯টি ক্যাম্পেইন পুরস্কৃত হয়েছে। এ বছর ৬৬টি প্রতিষ্ঠান থেকে ১,০৭২টি মনোনয়ন জমা পড়ে।

ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে স্বীকৃতি পেল ৮৯ ক্যাম্পেইন
২১ জুন, ২০২৬ ০০:০০  

দেশের ডিজিটাল মার্কেটিং খাতের উল্লেখযোগ্য ক্যাম্পেইনগুলোকে স্বীকৃতি দিতে রাজধানীর লা মেরিডিয়ান ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডের গালা অনুষ্ঠান। ২০ জুন, শনিবার অনুষ্ঠিত এ আয়োজনে ২৬টি ক্যাটাগরিতে মোট ৮৯টি ক্যাম্পেইন পুরস্কৃত হয়।

বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের উদ্যোগে, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)-এর পরিবেশনায় এবং ওয়ালটন রেফ্রিজারেটরের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে দেশের ডিজিটাল মার্কেটার, বিজ্ঞাপন ও ব্র্যান্ড পেশাজীবী, এজেন্সি প্রতিনিধি, মিডিয়া স্ট্র্যাটেজিস্ট এবং প্রযুক্তি বিশেষজ্ঞরা অংশ নেন।

আয়োজকরা জানান, ২০২৪ সালের ১ নভেম্বর থেকে ২০২৬ সালের ২৫ মার্চ পর্যন্ত ডিজিটাল প্ল্যাটফর্মে পরিচালিত ক্যাম্পেইনগুলো এবারের প্রতিযোগিতার জন্য বিবেচনায় নেওয়া হয়। এ বছর ৬৬টি প্রতিষ্ঠান থেকে মোট ১ হাজার ৭২টি মনোনয়ন জমা পড়ে।

সেরা ক্যাম্পেইন নির্বাচনে দুই ধাপের জুরি মূল্যায়ন প্রক্রিয়া অনুসরণ করা হয়। প্রথম ধাপে শর্টলিস্টিং পর্বে ৮টি জুরি প্যানেলের ১১৩ জন জুরি মনোনীত ক্যাম্পেইনগুলো মূল্যায়ন করে সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করেন। পরে গ্র্যান্ড জুরি পর্বে ৮টি পৃথক সেশনে ১১০ জন বিশেষজ্ঞ চূড়ান্ত মূল্যায়নের মাধ্যমে বিজয়ী নির্বাচন করেন।

চূড়ান্ত ফলাফলে ৬৩টি ক্যাম্পেইন ব্রোঞ্জ, ২০টি ক্যাম্পেইন সিলভার এবং ৬টি ক্যাম্পেইন গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করে। আয়োজকরা জানান, উৎকর্ষের মান বজায় রাখার লক্ষ্যে এবার কোনো গ্র্যান্ড প্রিক্স পুরস্কার দেওয়া হয়নি।

অনুষ্ঠানে ৫০০-রও বেশি ডিজিটাল মার্কেটিং ও ব্যবসায়িক পেশাজীবী উপস্থিত ছিলেন।

//ডিবিটেক/এজেডসি/ইকে//