‘অ্যাডভান্সিং দ্য এজেনটিক ওয়ার্ল্ড’ প্রতিপাদ্যে সাংহাইয়ে অনুষ্ঠিত হুয়াওয়ে কানেক্ট ২০২৬: সম্মেলনে ভবিষ্যৎ প্রযুক্তির রূপরেখা
উন্মোচিত হলো নতুন এআই কম্পিউটিং ও স্টোরেজ সমাধান
- সাংহাইয়ে ১৭-১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হুয়াওয়ের বার্ষিক ফ্ল্যাগশিপ সম্মেলন ‘হুয়াওয়ে কানেক্ট ২০২৬’-এ উন্মোচিত হলো নতুন এআই অবকাঠামো
- নতুন প্রজন্মের এআই কম্পিউটিং প্ল্যাটফর্ম অ্যাটলাস ৯৬০ই সুপারপড, আপগ্রেডেড তাইশান ৯৫০ সুপারপড এবং ওশানস্টোর এম৯০০ স্টোরেজ সলিউশনের ঘোষণা
- টেলিকম, ফিন্যান্স, উৎপাদন ও শিক্ষাসহ বিভিন্ন শিল্পে কৃত্রিম বুদ্ধিমত্তার বাস্তবমুখী বাণিজ্যিক প্রয়োগ ও যৌথ ইকোসিস্টেম গড়ে তোলার ত
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), শক্তিশালী ডিজিটাল কানেক্টিভিটি এবং উন্মুক্ত অংশীদারিত্বের মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক ও বুদ্ধিবৃত্তিক ভবিষ্যৎ গড়ে তোলার অঙ্গীকার নিয়ে চীনের সাংহাইয়ে অনুষ্ঠিত হয়ে গেল হুয়াওয়ের বার্ষিক ফ্ল্যাগশিপ ইভেন্ট ‘হুয়াওয়ে কানেক্ট ২০২৬’। গত ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত এই আয়োজনের বিস্তারিত তথ্য ২০ সেপ্টেম্বর, ২০২৬ রবিবার হুয়াওয়ের ঢাকা কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল ‘অ্যাডভান্সিং দ্য এজেনটিক ওয়ার্ল্ড’ (Advancing the Agentic World)। এতে বিশ্বজুড়ে প্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, অংশীদার, গবেষক এবং গ্রাহকদের সামনে ভবিষ্যৎ পৃথিবীর রূপরেখা তুলে ধরে হুয়াওয়ে। প্রতিষ্ঠানটি জানায়, ভবিষ্যৎ বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যক্তি, প্রতিষ্ঠান ও শিল্পের সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বৃদ্ধি, উৎপাদনশীলতা উন্নয়ন এবং অর্থনৈতিক রূপান্তরে সক্রিয় ভূমিকা রাখবে। এজন্য সরকার, শিল্প খাত, একাডেমিয়া ও ডেভেলপারদের মধ্যে উন্মুক্ত সহযোগিতার আহ্বান জানানো হয়।
সম্মেলনের মূল বক্তব্যে হুয়াওয়ের পরিচালনা পর্ষদের ডেপুটি চেয়ারম্যান ও রোটেটিং চেয়ারম্যান ডেভিড ওয়াং বিশ্বব্যাপী বিভিন্ন খাতের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে বেশ কয়েকটি আধুনিক এআই অবকাঠামো সমাধান উন্মোচন করেন। এর মধ্যে রয়েছে হুয়াওয়ের নতুন প্রজন্মের শক্তিশালী এআই কম্পিউটিং প্ল্যাটফর্ম ‘অ্যাটলাস ৯৬০ই সুপারপড’ (Atlas 960E SuperPoD), উন্নত বুদ্ধিবৃত্তিক কাজের জন্য উপযোগী ‘তাইশান ৯৫০ সুপারপড’ (TaiShan 950 SuperPoD) এবং এআই ডাটা প্রক্রিয়াকরণের জন্য তৈরি বিশেষায়িত স্টোরেজ সমাধান ‘ওশানস্টোর এম৯০০’ (OceanStor M900)।
এসব আধুনিক প্রযুক্তি বিভিন্ন প্রতিষ্ঠানকে বৃহৎ আকারের ডাটা ব্যবস্থাপনা এবং কৃত্রিম বুদ্ধিমত্তাকে নিছক পরীক্ষা-নিরীক্ষা থেকে বের করে এনে কার্যকর ব্যবসায়িক প্রয়োগে রূপান্তর করতে সহায়তা করবে। বিশেষ করে টেলিযোগাযোগ, ব্যাংকিং ও ফিন্যান্স, ভারী উৎপাদন, বিদ্যুৎ ও জ্বালানি, পরিবহন এবং শিক্ষা খাতে সেবা সরবরাহের মান বাড়াতে এআই গতি সঞ্চার করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
ডেভিড ওয়াং বলেন, বিশ্ব আজ এআই চালিত এক যুগান্তকারী পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। এই প্রযুক্তির কার্যকর সুফল পেতে টেকসই ডিজিটাল অবকাঠামো ও উন্মুক্ত ইকোসিস্টেমের কোনো বিকল্প নেই। সম্মেলনে ভবিষ্যৎ নেটওয়ার্কিং কানেক্টিভিটি, ডিজিটাল স্কিলস উন্নয়ন এবং উদ্ভাবনী অংশীদারিত্ব বৃদ্ধির বিষয়েও গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
//ডিবিটেক/ এফটিপি/এজেডসি/ সম্পাদনা//





