চ্যাটজিপিটির প্রিমিয়াম সাবস্ক্রিপশন যেভাবে বাতিল করবেন

চ্যাটজিপিটির প্রিমিয়াম সাবস্ক্রিপশন যেভাবে বাতিল করবেন
২৯ আগষ্ট, ২০২৬ ১৩:৫৫  

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটির প্রিমিয়াম সুবিধা পেতে অনেকেই প্রতি মাসে নির্দিষ্ট ফি গুনে থাকেন। তবে নিয়মিত ব্যবহার না করা কিংবা প্রয়োজনীয় ফিচারের পরিবর্তন হওয়ায় অনেকেই এখন এই সেবা বন্ধ করতে চাচ্ছেন। 

চ্যাটজিপিটির বেশ কিছু সুবিধা এখন নিখরচায় কিংবা তুলনামূলক কম খরচের প্ল্যানে পাওয়া যায়, ফলে মাসিক অর্থ খরচ অব্যাহত রাখা অনেকের জন্যই কঠিন হয়ে দাঁড়িয়েছে। 

এছাড়া সম্প্রতি ওপেনএআই তাদের চ্যাটজিপিটি থেকে জনপ্রিয় ‘জিপিটি-৪ও’ মডেলটি সরিয়ে নেওয়ায় অনেক ব্যবহারকারী অসন্তোষ প্রকাশ করেছেন। এর পাশাপাশি মার্কিন প্রতিরক্ষা বিভাগের সঙ্গে ওপেনএআই-এর চুক্তি সংক্রান্ত নীতিগত বিতর্কের কারণেও অনেকে এই মাধ্যম ব্যবহারের সিদ্ধান্ত পুনর্মূল্যায়ন করছেন।

সাবস্ক্রিপশন বাতিলের সঠিক পদ্ধতি
চ্যাটজিপিটির সাবস্ক্রিপশন বাতিল করার পদ্ধতিটি মূলত নির্ভর করে ব্যবহারকারী কোন মাধ্যমের সাহায্যে টাকা পরিশোধ করেছেন তার ওপর। সরাসরি ওয়েবসাইট থেকে কেনা অ্যাকাউন্ট বাতিলের জন্য চ্যাটজিপিটিতে লগইন করে প্রোফাইল আইকন থেকে ‘সেটিংস’ এবং এরপর ‘বিলিং’ অপশনে গিয়ে ‘ক্যান্সেল প্ল্যান’ নির্বাচন করতে হয়। পরবর্তী মাসের চার্জ এড়াতে অর্থ কাটার অন্তত ২৪ ঘণ্টা আগে এটি বাতিল করার পরামর্শ দেয় কর্তৃপক্ষ। 

অন্যদিকে আইফোন বা অ্যান্ড্রেয়েড ব্যবহারকারীরা যারা অ্যাপের মাধ্যমে সাবস্ক্রিপশন চালু করেছিলেন, তাদের আইফোনের সেটিংস কিংবা গুগল প্লে স্টোরের ‘সাবস্ক্রিপশন’ বিভাগ থেকে এটি বন্ধ করতে হবে। মনে রাখা প্রয়োজন, স্মার্টফোন থেকে চ্যাটজিপিটি অ্যাপটি মুছে ফেললেই প্রিমিয়াম সেবা বা মাসিক বিল কাটা বন্ধ হয় না।

তথ্য সুরক্ষা ও অ্যাকাউন্ট মুছে ফেলার নিয়ম
পেইড সাবস্ক্রিপশন বাতিল করলেও ব্যবহারকারীর মূল অ্যাকাউন্ট বা আগের চ্যাট হিস্ট্রি মুছে যায় না। ওপেনএআই যাতে নতুন কথাপোকথন তাদের এআই মডেল প্রশিক্ষণে ব্যবহার করতে না পারে, সে জন্য সেটিংসের ‘ডেটা কন্ট্রোলস’ অপশন থেকে বিশেষ ফিচার বন্ধ করে দেওয়া যায়। 

তবে কেউ যদি চ্যাটজিপিটির সব তথ্য চিরতরে মুছে ফেলতে চান, তবে তাকে আলাদাভাবে অ্যাকাউন্ট বন্ধ বা ডিলিট করার আবেদন করতে হবে। অ্যাপ স্টোর বা গুগল প্লে স্টোরের ব্যবহারকারীদের অ্যাকাউন্ট ডিলিট করার আগে অবশ্যই অ্যাপ স্টোর থেকে মূল সাবস্ক্রিপশনটি বাতিল করে নিতে হবে।

অর্থ ফেরত ও ব্যবহারের সময়সীমা
সাবস্ক্রিপশন বাতিল করার সাথে সাথেই প্রিমিয়াম সুবিধাগুলো বন্ধ হয়ে যায় না। চলতি মেয়াদের শেষ দিন পর্যন্ত ব্যবহারকারী সব সুবিধা পাবেন এবং পরবর্তী মেয়াদ থেকে নতুন করে কোনো অর্থ কাটা হবে না। 

সাধারণ নিয়মে বাতিল করলে কোনো অর্থ ফেরত দেওয়া হয় না। তবে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য বা তুরস্কের ব্যবহারকারীরা কেনার ১৪ দিনের মধ্যে বাতিল করলে আংশিক অর্থ ফেরতের সুবিধা পান। 

ভুলবশত কেনা সাবস্ক্রিপশনের ক্ষেত্রে ১৪ দিনের মধ্যে সরাসরি সাপোর্ট টিমের মাধ্যমে রিফান্ডের আবেদন জানানোর নিয়ম রয়েছে।

ডিবিটেক/বিএমটি