২৫ সেপ্টেম্বর শুরু তিন দিন
এআই ব্যবসা রূপান্তরে বৈশ্বিক সম্মেলন
- এআই ও ব্যবসা রূপান্তর নিয়ে তিন দিনব্যাপী ভার্চুয়াল সম্মেলন
- এআই কৌশল, অটোমেশন ও সুশাসন নিয়ে আলোচনা
- নেতৃত্ব ও প্রতিষ্ঠানের এআই প্রস্তুতিতে থাকবে বিশেষ আয়োজন
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), অটোমেশন ও ডিজিটাল রূপান্তরের মাধ্যমে ব্যবসার ভবিষ্যৎ পরিবর্তন নিয়ে আগামী ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘এআইফোরবিটি গ্লোবাল সামিট ২০২৬’। ২৫ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত সম্পূর্ণ ভার্চুয়াল এ সম্মেলনে এআই কৌশল, ব্যবসায়িক রূপান্তর, এআই সুশাসন, সাইবার নিরাপত্তা ও টেকসই উদ্ভাবন নিয়ে আলোচনা হবে।
২৫ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার থেকে শুরু হতে যাওয়া সম্মেলনটি আয়োজন করছে ‘এআইফোরবিটি গ্লোবাল’। এতে দেশ-বিদেশের উদ্ভাবক, গবেষক, উদ্যোক্তা, শিক্ষাবিদ ও করপোরেট নেতারা অংশ নেবেন।
আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের সম্মেলনে প্রতিষ্ঠানে এআই সংযুক্তি, ডিজিটাল সক্ষমতা বৃদ্ধি, অটোমেশন ইকোসিস্টেম এবং নৈতিক এআই একীভূতকরণকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। একই সঙ্গে ভবিষ্যৎ কর্মক্ষেত্র ও ব্যবসার পরিবর্তনশীল গতিপথ এবং এআই ব্যবহারের মাধ্যমে ব্যবসায়িক রূপান্তরের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে।
সম্মেলনে নেতৃত্ব কৌশল ও দায়িত্বশীল এআই বিষয়ে ফ্র্যাঙ্ক লিবার, গভর্ন্যান্স ও এআই বিষয়ে সারা করনেট, সাইবার নিরাপত্তা ও ডেটা গভর্ন্যান্স বিশেষজ্ঞ ড. শরিফুল ইসলাম, এআই ট্রান্সফরমেশন কোচ ও কনসালট্যান্ট মো. মাহমুদুল হাসান, বিজনেস এআই ট্রান্সফরমেশন আর্কিটেক্ট ও ইআরপি কনসালট্যান্ট সাদিক এম. আলম, এআই ও নেতৃত্ব বিশেষজ্ঞ টিনা লিবার, ডিজিটাল ইকোনমি ও টেলিযোগাযোগ উদ্ভাবক ড. আসিফ নাঈমুর রশীদ, সাইবার নিরাপত্তা, সাইবার-ফিজিক্যাল সিস্টেমস, আইওটি, এজ এআই ও নেটওয়ার্কবিষয়ক গবেষক ড. আব্দুর রাজ্জাক এবং ট্রান্সফরমেশন লিডার ও কনসালট্যান্ট ড. আরিফ আজাদ বক্তব্য দেবেন।
এ ছাড়া বিভিন্ন অঙ্গনের উদ্ভাবক, গবেষক ও প্রযুক্তি নির্বাহীদের অংশগ্রহণে প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, সম্মেলনে ‘হিউম্যান এআই রেডিনেস স্ক্যান’ (এইচএআরএস) এবং এআই কোচের মাধ্যমে নেতৃত্ব, দল ও নির্বাহীদের এআই গ্রহণের জন্য প্রস্তুত করার বিষয়টি তুলে ধরা হবে। এর মাধ্যমে প্রতিষ্ঠানের এআই গ্রহণের সক্ষমতা ও প্রস্তুতি মূল্যায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে।
সম্মেলনের আরেকটি উদ্যোগ ‘এআইফোরবিটি এন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন স্টার্টার প্যাক’-এ থাকছে এআই রেডিনেস পালস, এআই অপরচুনিটি ক্যানভাস, এআই ও ইআরপি রেডিনেস চেকলিস্ট, দায়িত্বশীল এআই গভর্ন্যান্স চেকলিস্ট এবং ৯০ দিনের এআই রূপান্তর রোডম্যাপ। পাশাপাশি বিনামূল্যে ৩০ মিনিটের পরামর্শ সেশনের আয়োজন থাকবে।
এ ছাড়া এআইচালিত ব্যবসা রূপান্তর, নৈতিকতা, সুশাসন ও নিরাপত্তা এবং ভবিষ্যৎ উপযোগী এন্টারপ্রাইজ ইকোসিস্টেম নিয়ে আলোচনা ও প্রযুক্তি কর্মশালা অনুষ্ঠিত হবে।
সম্পূর্ণ ভার্চুয়াল এ সম্মেলনে মূল প্রবন্ধ, প্যানেল আলোচনা, বিশেষায়িত প্রযুক্তি কর্মশালা এবং ভার্চুয়াল নেটওয়ার্কিং সেশনের আয়োজন থাকবে।
//ডিবিটেক/এসএমই/এসএমই/এমআইএস//





