- সিলেটে ইন্টারনেট সংযোগ মেরামতে চাঁদা দাবি ও বাধা: জালালাবাদ থানায় আইএসপিএবি-র জিডি
লণ্ডনী রোড এলাকায় ফাইবার ক্যাবল মেরামতে বাধা ও হুমকি, বিপাকে হাজারো ইন্টারনেট গ্রাহক
সিলেটে বৈদ্যুতিক অগ্নিকাণ্ডে বিচ্ছিন্ন হয়ে যাওয়া ইন্টারনেট লাইন পুনঃসংযোগ ও মেরামত কাজে বাধা এবং অবৈধ চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি স্থানীয় সংগঠনের বিরুদ্ধে। এ ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের টেকনিশিয়ানরা। উদ্ভুত পরিস্থিতিতে নিরাপত্তা ও আইনি সহযোগিতার দাবি জানিয়ে সিলেটের জালালাবাদ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) সিলেট বিভাগীয় কমিটি।
জিডি সূত্রে জানা যায়, গত ২৮ জুলাই ২০২৬ রাত আনুমানিক ১:০০ ঘটিকায় সিলেটের লণ্ডনী রোড আবাসিক এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে খুটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে উক্ত এলাকার সকল ফাইবার ক্যাবল ক্ষতিগ্রস্ত হয়ে ইন্টারনেট সেবা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরবর্তীতে ২৯ জুলাই সকাল ১০:০০ ঘটিকায় আইএসপিএবি-র টেকনিশিয়ান ও কর্মীদল জরুরি লিংক রিস্টোরেশন (Link Restoration) ও মেরামত কাজে গেলে স্থানীয় 'অগ্রগামী তরুণ সংঘ'-এর সভাপতি জনাব মিন্টু ও সাধারণ সম্পাদক জনাব রাজু অহেতুক বাধা প্রদান করেন।
অভিযোগে উল্লেখ করা হয়, ওই এলাকায় ফাইবার ক্যাবল টানতে বা মেরামত করতে হলে টাকা দিতে হবে বলে দাবি করেন তারা, অন্যথায় কাজ করতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেন। একই সঙ্গে কাজ করতে যাওয়া টেকনিশিয়ান দলকে বিভিন্ন ধরনের হুমকি-ধামকি ও ভয়ভীতি প্রদর্শন করা হয়। এ অবস্থায় নিরাপত্তা ঝুঁকিতে টেকনিশিয়ানরা কাজ করতে অস্বীকৃতি জানালে পুরো এলাকায় গ্রাহক, শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের ইন্টারনেট সেবা ব্যাহত হয়ে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে।
আইএসপিএবি সিলেট বিভাগীয় কমিটির পক্ষ থেকে মো: মাস-উদুর রহমান জালালাবাদ থানায় এই জিডি (জিডি নং: ১৮৫৩, তারিখ: ২৯/০৭/২০২৬) দায়ের করেন। এতে দ্রুত লণ্ডনী রোড এলাকায় টেকনিশিয়ানদের নিরাপত্তা নিশ্চিত করে সংযোগ সচল করার পরিবেশ তৈরি এবং বেআইনি বাধা প্রদানকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে।
//ডিবিটেক/এসআই/এমআই//





