চালু হলো প্রান্তিক শক্তি প্রশিক্ষণ কেন্দ্র
আনসার-ভিডিপিতে ফেসিয়াল অ্যাটেনডেন্স সিস্টেম উদ্বোধন
- ফেসিয়াল অ্যাটেনডেন্স সিস্টেম ও প্রান্তিক ট্রাভেলসের ডিজিটাল প্ল্যাটফর্ম উদ্বোধন
- ভ্রাম্যমাণ আইসিটি প্রশিক্ষণ বাসসহ আধুনিক কারিগরি প্রশিক্ষণ সুবিধা চালু
- প্রান্তিক শক্তি লিমিটেড পেল বৈদেশিক কর্মসংস্থানে রিক্রুটিং লাইসেন্স
ডিজিটাল সেবা সম্প্রসারণ, প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ ও দক্ষ জনশক্তি তৈরির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এ উদ্যোগের অংশ হিসেবে ফেসিয়াল অ্যাটেনডেন্স সিস্টেম ও ‘প্রান্তিক ট্রাভেলস’ ডিজিটাল প্ল্যাটফর্ম উদ্বোধনের পাশাপাশি কারিগরি ও কর্মমুখী প্রশিক্ষণের জন্য নবনির্মিত ‘প্রান্তিক শক্তি প্রশিক্ষণ কেন্দ্র’ (পিএসটিসি) চালু করা হয়েছে। একই সঙ্গে বাহিনীর সহযোগী প্রতিষ্ঠান ‘প্রান্তিক শক্তি লিমিটেড’ বৈদেশিক কর্মসংস্থানে জনবল পাঠানোর জন্য রিক্রুটিং লাইসেন্স পেয়েছে।
২৮ অক্টোবর, বুধবার গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে এসব উদ্যোগের উদ্বোধন ও লাইসেন্স হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। সভাপতিত্ব করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
অনুষ্ঠানে ‘প্রান্তিক ট্রাভেলস’ ডিজিটাল প্ল্যাটফর্মের উদ্বোধন করা হয়। পাশাপাশি সদস্যদের উপস্থিতি ব্যবস্থাপনায় প্রযুক্তিনির্ভর ফেসিয়াল অ্যাটেনডেন্স সিস্টেম চালু করা হয়। এসব উদ্যোগের মাধ্যমে বাহিনীর সেবা ও প্রশাসনিক কার্যক্রমে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ানোর সুযোগ তৈরি হয়েছে।
প্রযুক্তিভিত্তিক দক্ষতা উন্নয়নের অংশ হিসেবে নবনির্মিত প্রশিক্ষণ কেন্দ্রে আধুনিক ড্রাইভিং সিমুলেটর, সৌরবিদ্যুৎ প্রশিক্ষণ কার্যক্রম এবং ভ্রাম্যমাণ তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রশিক্ষণ বাসের ব্যবস্থা রাখা হয়েছে। এ ছাড়া কুটির শিল্প, জাপানি ভাষা, ভাষা গবেষণাগার, আতিথেয়তা ও রন্ধনশিল্পসহ বিভিন্ন কারিগরি বিষয়ে প্রশিক্ষণের সুবিধা রয়েছে।
অনুষ্ঠানের আগে মন্ত্রী প্রশিক্ষণ কেন্দ্রের ৬জি ওয়েল্ডিং কর্মশালা, ড্রাইভিং সিমুলেটর, সৌরবিদ্যুৎ প্রশিক্ষণ কার্যক্রম ও ভ্রাম্যমাণ আইসিটি প্রশিক্ষণ বাস পরিদর্শন করেন। তিনি অন্যান্য কারিগরি প্রশিক্ষণ কার্যক্রমও ঘুরে দেখেন।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর বিদেশে দক্ষ শ্রমিক পাঠানোর বৃহৎ পরিকল্পনা বাস্তবায়নে আনসার-ভিডিপির প্রশিক্ষণ প্রকল্পগুলো গুরুত্বপূর্ণ অংশীদার হবে। প্রান্তিক শক্তি লিমিটেডের রিক্রুটিং লাইসেন্স অর্জনের ফলে বাহিনীর কার্যক্রম আরও প্রাতিষ্ঠানিক, গতিশীল ও কার্যকর হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
মন্ত্রী আরও বলেন, আনসার-ভিডিপির প্রশিক্ষণ প্রকল্পগুলো কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) সঙ্গে সমন্বিতভাবে পরিচালনার উদ্যোগ নেওয়া হবে। এসব প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের দক্ষতা প্রমাণের সুযোগ তৈরি হবে। এ ক্ষেত্রে বৈধ অভিবাসন প্রক্রিয়া কঠোরভাবে অনুসরণ করার ওপর গুরুত্ব দেন তিনি।
স্বাগত বক্তব্যে মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, বাহিনীর সদস্যদের জীবনমান উন্নয়নে বৈদেশিক কর্মসংস্থানকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। সরকারের ১৮০ দিনের কর্মসূচির আওতায় প্রশিক্ষণ সক্ষমতা আধুনিকায়ন করা হয়েছে।
তিনি জানান, জাপানের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্রধানমন্ত্রীর জাপান সফরকে কেন্দ্র করে সৃষ্ট প্রায় দুই লাখ কর্মসংস্থানের সম্ভাবনা কাজে লাগাতে আনসার-ভিডিপির প্রশিক্ষিত জনবল প্রস্তুত রয়েছে।
অনুষ্ঠানে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের বিদেশগমন ঋণ ও শেয়ার-সংক্রান্ত কার্যক্রমও তুলে ধরা হয়। ভার্চুয়ালি যুক্ত হয়ে সমঝোতা চুক্তির অংশীদার তিনটি জাপানি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা আনসার-ভিডিপি সদস্যদের দক্ষতা উন্নয়ন এবং দ্বিপক্ষীয় সহযোগিতার সম্ভাবনা নিয়ে তাঁদের মতামত জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান এবং আনসার-ভিডিপির অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশিদসহ অন্য কর্মকর্তারা।
ফেসিয়াল অ্যাটেনডেন্স সিস্টেম, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং ভ্রাম্যমাণ আইসিটি প্রশিক্ষণ কার্যক্রমের সমন্বয়ে আনসার-ভিডিপির এই উদ্যোগ প্রযুক্তিনির্ভর সেবা ও কর্মমুখী দক্ষতা উন্নয়নের নতুন ক্ষেত্র তৈরি করতে পারে। একই সঙ্গে বৈদেশিক কর্মসংস্থানের জন্য প্রশিক্ষিত জনবল প্রস্তুত এবং আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যও এতে যুক্ত হয়েছে।
//ডিবিটেক/বিএসএসআর/এমপিএস/এফওই//





