প্রায় ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্যাকেজ দিয়েছে মাইক্রোসফট
প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট তাদের বৈশ্বিক জনবলের প্রায় ২৭ শতাংশ বা প্রায় ৬০ হাজার কর্মীকে লক্ষ্য করে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্যাকেজ বা ‘ভলান্টারি এক্সিট অফার’ (ভিইও) চালুর ঘোষণা দিয়েছে।
কোম্পানির প্রধান কর্মী কর্মকর্তা (চিফ পিপল অফিসার) অ্যামি কোলম্যানের পাঠানো একটি অভ্যন্তরীণ বার্তা ও অফিশিয়াল ব্লগ পোস্টের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করা হয়েছে। নির্দিষ্ট সময়সীমার এই কর্মসূচির আওতায় যোগ্য কর্মীদের এককালীন আর্থিক সহায়তার পাশাপাশি ক্যারিয়ার প্ল্যানিং ও পুনর্বাসনের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হবে।
আওতাভুক্ত দেশ ও নির্দিষ্ট বিভাগসমূহ
মাইক্রোসফটের পক্ষ থেকে জানানো হয়েছে, এই বাইআউট অফারটি চার দেশ- কানাডা, ভারত, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট টিমগুলোর ‘লেভেল ৭০’ ও তার নিচের পদের কর্মীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। পদমর্যাদা হিসেবে এতে জেনারেল ম্যানেজার এবং কিছু ভাইস প্রেসিডেন্ট পদমর্যাদার কর্মকর্তারাও অন্তর্ভুক্ত হচ্ছেন।
অভ্যন্তরীণ সূত্রের তথ্য অনুযায়ী, এআই এক্সপেরিয়েন্সেস, কোপাইলট, ফাইন্যান্স, হিউম্যান রিকোর্স (এইচআর), এক্সবক্স এবং উইন্ডোজ প্লাস ডিভাইস বিভাগের কর্মীরা এই অর্থিক প্যাকেজ সুবিধার আওতায় আসবেন। তবে মার্কেটিং, কমার্শিয়াল বিজনেস এবং সিকিউরিটি ইউনিটগুলোকে এই স্বেচ্ছায় পদত্যাগ কর্মসূচির বাইরে রাখা হয়েছে।
কৌশলগত প্রেক্ষাপট ও এআই পুনর্গঠন
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতের অবকাঠামো তৈরিতে যখন মাইক্রোসফট ১৭৫ বিলিয়ন ডলারের বিশাল পুঁজি বিনিয়োগ করছে, ঠিক তখনই পরিচালনা ব্যয় কমানো ও নতুন সময়োপযোগী করে কর্মীবাহিনী পুনর্গঠন করতে এই বড় পদক্ষেপ নেওয়া হলো।
ইতিপূর্বে বাস্তবায়িত অনুরূপ প্রোগ্রামের ইতিবাচক অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই এই নতুন বাইআউট প্রোগ্রামটি সাজানো হয়েছে; যার মাধ্যমে কর্মীরা নতুন ক্যারিয়ারের পথ বেছে নেওয়ার সুযোগ পাবেন এবং একইসঙ্গে দ্রুত পরিবর্তনশীল এআই প্রযুক্তির চাহিদার সঙ্গে মাইক্রোসফটের ব্যবসায়িক ও প্রশাসনিক জনবল সমন্বয় করা সম্ভব হবে।
ডিবিটেক/বিএমটি । সূত্র: রয়টার্স





