প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক পৌঁছাতে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রীর উপস্থিতিতে চুক্তি স্বাক্ষর
টেলিটকের ৭০০ মেগাহার্টজ ব্যান্ডে ফোরজি সম্প্রসারণ: জেডটিইকে নোয়া হস্তান্তর
- ৭০০ মেগাহার্টজ তরঙ্গে দেশব্যাপী দ্রুতগতির ফোরজি নেটওয়ার্ক ও ইনডোর কভারেজ বাড়াবে টেলিটক
- মন্ত্রী ফকির মাহবুব আনামের উপস্থিতিতে জেডটিই এমডি মাও জুনইয়ং-এর হাতে নোয়া প্রদান
- নেটওয়ার্ক সুবিধাবঞ্চিত ও গ্রামীণ জনপদে মোবাইল ব্রডব্যান্ড প্রসারে বড় পদক্ষেপ
রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেডের ৭০০ মেগাহার্টজ ফ্রিকোয়েন্সি ব্যান্ডে দেশব্যাপী ফোরজি (4G) নেটওয়ার্ক সেবা সম্প্রসারণের লক্ষ্যে বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠান জেডটিই (ZTE)-কে আনুষ্ঠানিকভাবে নোটিফিকেশন অব অ্যাওয়ার্ড (নোয়া/NOA) প্রদান করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে ‘প্রকিউরমেন্ট অব ফোরজি অন ৭০০ মেগাহার্টজ’ শীর্ষক বৃহৎ ক্রয় কার্যক্রমের চূড়ান্ত বাস্তবায়ন শুরু হলো।
২৬ অক্টোবর, সোমবার ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এই নোয়া হস্তান্তর সম্পন্ন হয়।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামের উপস্থিতিতে জেডটিই বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাও জুনইয়ংয়ের (Mao Junyong) হাতে আনুষ্ঠানিক নোয়া তুলে দেন টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চৌধুরী।
৭০০ মেগাহার্টজ লো-ব্যান্ড তরঙ্গে ফোরজি নেটওয়ার্ক সম্প্রসারণের ফলে টেলিটকের ইনডোর সিগন্যাল সক্ষমতা ও ভৌগোলিক নেটওয়ার্ক কাভারেজ বহুগুণ বৃদ্ধি পাবে। বিশেষ করে দেশের দুর্গম, প্রত্যন্ত এবং নেটওয়ার্ক সুবিধাবঞ্চিত প্রান্তিক এলাকাগুলোতে উচ্চগতির ইন্টারনেট ও স্থিতিশীল মোবাইল ভয়েস সেবা নিশ্চিত করতে এই প্রকল্প রূপান্তরমূলক ভূমিকা রাখবে।
টেলিকম অবকাঠামোর আধুনিকায়ন এবং সাধারণ নাগরিকদের সাশ্রয়ী মূল্যে মানসম্মত ডিজিটাল সেবা প্রদানের অংশ হিসেবে টেলিটক এই নেটওয়ার্ক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এ উদ্যোগ দেশের সামগ্রিক ডিজিটাল ইকোসিস্টেম ও কানেক্টিভিটিকে আরও টেকসই করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেডটিই বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার জিয়াং শিয়াও (Jiang Xiao), অ্যাকাউন্ট ডিরেক্টর মোহাম্মদ জাহেদ আলী, প্রজেক্ট ডিরেক্টর ঝু শিউবিন (Zhu Xiubin) এবং টেলিটকের ঊর্ধ্বতন প্রকৌশলী ও প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ বলে সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ।
//ডিবিটেক//জেডইউপি /এসএমই/এমআইএসটি//





