রাজধানীর পরিচ্ছন্নতায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে ২০টি বিশেষ টিম মাঠে

সরকারি বাসায় এডিস মশার লার্ভা পেলে জরিমানা ও বরাদ্দ বাতিলের হুঁশিয়ারি

  • সরকারি হাসপাতাল ও কোয়ার্টারে চরম অবহেলার চিত্র; আইনগত ব্যবস্থা নেওয়ার কড়া নির্দেশ
  • দুই সিটি করপোরেশনের ৫৫টি খাল খনন ও চার প্রধান লেকের সৌন্দর্য ফেরানোর কাজ চলছে
  • ডাস্টবিন চুরি ঠেকাতে ফাইবার বোর্ড ব্যবহার; ১-২ মাসের মধ্যে দৃশ্যমান পরিবর্তনের আশা

সরকারি বাসায় এডিস মশার লার্ভা পেলে জরিমানা ও বরাদ্দ বাতিলের হুঁশিয়ারি
২৬ অক্টোবর, ২০২৬ ১৮:৩৩  

সরকারি বাসভবন কিংবা রাষ্ট্রীয় কোনো স্থাপনায় অপরিচ্ছন্ন পরিবেশ ও এডিস মশার লার্ভা পাওয়া গেলে বড় অঙ্কের আর্থিক জরিমানা করা হবে, এমনকি ক্ষেত্রবিশেষে সংশ্লিষ্ট সরকারি বাসার বরাদ্দও বাতিল হতে পারে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

২৬ অক্টোবর, সোমবার  রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকা মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম বাস্তবায়ন ও নিবিড় পরিবীক্ষণবিষয়ক এক উচ্চপর্যায়ের পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশনা দেন।

প্রতিমন্ত্রী জানান, ঢাকা শহরকে একটি পরিচ্ছন্ন, আধুনিক ও স্বাস্থ্যকর বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী শুরু থেকেই আন্তরিকভাবে সচেষ্ট। তবে সম্প্রতি সরকারের বিভিন্ন হাসপাতাল ও কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক কোয়ার্টার পরিদর্শনে এডিস মশার প্রজননস্থল ও পরিচ্ছন্নতার ক্ষেত্রে চরম দায়িত্বহীনতা ও অবহেলার প্রমাণ মিলেছে। মাঠপর্যায়ের পরিবীক্ষণ দলগুলোর উদ্দেশ্যে তিনি বলেন, কোনো ধরনের দায়িত্বে অবহেলা বা এডিস মশার লার্ভা শনাক্ত হওয়ামাত্রই কোনো আপস ছাড়াই তাৎক্ষণিক কঠোর আইনগত ব্যবস্থা ও ভারী জরিমানা নিশ্চিত করতে হবে।

ঢাকার জলধারা ও বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, হাতিরঝিল, ধানমন্ডি, বনানী ও গুলশান লেকের দীর্ঘদিনের দূষণ দূর করে সৌন্দর্য ফিরিয়ে আনতে রাজউক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সমন্বিতভাবে কাজ করছে। এর পাশাপাশি ঢাকা উত্তর সিটির ২৯টি এবং দক্ষিণ সিটির ২৬টি খাল পুনঃখনন, সীমানা গাইড ওয়াল নির্মাণ ও ময়লা ফেলা রোধে নেটিংয়ের কাজ দ্রুত এগিয়ে চলছে। এছাড়া ফুটপাত ও সড়ক থেকে ডাস্টবিন চুরি বন্ধ করতে স্থায়ী সমাধানের অংশ হিসেবে ফাইবার বোর্ডের আধুনিক ডাস্টবিন স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনা বাস্তবায়নে ইতিমধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ২০টি অঞ্চলে (জোন) ২০টি বিশেষ পরিবীক্ষণ দল গঠন করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক পর্যায়ের শীর্ষ কর্মকর্তারা এই কমিটিগুলোর নেতৃত্ব দিচ্ছেন। প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন যে, এসব টিমের কঠোর নজরদারির ফলে আগামী এক থেকে দুই মাসের মধ্যেই ঢাকা শহরের পরিচ্ছন্নতায় দৃশ্যমান পরিবর্তন লক্ষ্য করা যাবে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ যৌথ সভায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরসহ বিশেষ পরিবীক্ষণ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। 

//ডিবিটেক/বিএনএন/এসএমপি/এমআইএসটি//