ক্লাস চালুর লক্ষ্যে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে দফায় দফায় মতবিনিময়
চুয়েটের অচলাবস্থা নিরসনে বুধবার অংশীজনদের সঙ্গে বসছে ইউজিসির পরামর্শক কমিটি
- ইউজিসির পূর্ণকালীন সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুনের নেতৃত্বে ৬ সদস্যের কমিটি গঠিত
- ২৮ অক্টোবর সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ক্যাম্পাসে চারটি আলাদা সেশনে আলোচনা
- পরিস্থিতি পর্যালোচনা করে শিক্ষা মন্ত্রণালয়ে দ্রুততম সময়ে সুপারিশমালা জমা দেওয়ার উদ্যোগ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চলমান অচলাবস্থা নিরসন এবং বন্ধ থাকা শ্রেণিকক্ষে পাঠদান দ্রুত চালুর লক্ষ্যে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে আনুষ্ঠানিক মতবিনিময় সভায় বসছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) উচ্চপর্যায়ের পরামর্শক কমিটি।
আগামী বুধবার (২৮ অক্টোবর ২০২৬) ইউজিসির গঠিত ছয় সদস্যের এই প্রতিনিধিদল সরাসরি চুয়েট ক্যাম্পাস পরিদর্শন করবে এবং বিশ্ববিদ্যালয়ের সকল পক্ষের সঙ্গে দফায় দফায় বৈঠক করে বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে অবহিত করতে সোমবার (২৬ অক্টোবর) ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগ থেকে একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বুধবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে প্রথম সেশনের আলোচনা অনুষ্ঠিত হবে। এরপর বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত শিক্ষার্থীদের মতামত ও দাবি শুনবেন কমিটির সদস্যরা। মধ্যাহ্নবিরতির পর দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে এবং বিকেল সাড়ে তিনটা থেকে চারটা পর্যন্ত কর্মচারীদের সঙ্গে মতবিনিময়ের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সূচি মেনে সংশ্লিষ্ট সবাইকে ক্যাম্পাসে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছে ইউজিসি।
এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের গত ১৮ অক্টোবরের নির্দেশনার পরিপ্রেক্ষিতে চুয়েটের একাডেমিক পরিবেশ পুনরুদ্ধার এবং সংকট সমাধানে গত ১৯ অক্টোবর এই ছয় সদস্যের উচ্চপর্যায়ের পরামর্শক কমিটি গঠন করে ইউজিসি। কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন ইউজিসির পূর্ণকালীন সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুন।
কমিটি সরেজমিনে চুয়েট ক্যাম্পাস পরিদর্শন এবং অংশীজনদের বক্তব্য, মতামত ও প্রস্তাবনা পর্যালোচনা করে অচলাবস্থা কাটানোর বাস্তবসম্মত সমাধান খুঁজবে। একই সঙ্গে ক্যাম্পাসে স্বাভাবিক শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা, শ্রেণি কার্যক্রম পুনরুজ্জীবিত করা এবং প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা বজায় রাখতে সরকারের কাছে কার্যকর সুপারিশমালা প্রণয়ন করবে বলে সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ।
//ডিবিটেক/জেআরসি/এসএমপি/এমআইএসটি//





